পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (পবিপ্রবি) র্যাগিং, শারীরিক ও মানসিক নির্যাতনের ঘটনায় জড়িত ১৩ শিক্ষার্থীর বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। সোমবার (২৪ আগস্ট) রেজিস্ট্রার কার্যালয় থেকে জারি করা এক অফিস আদেশে এ তথ্য জানানো হয়।
অফিস আদেশে বলা হয়েছে, নবীন শিক্ষার্থীদের অভিযোগের পরিপ্রেক্ষিতে গঠিত তদন্ত কমিটির প্রতিবেদন পর্যালোচনা করে বিশ্ববিদ্যালয়ের শৃঙ্খলা পরিষদের সিদ্ধান্ত অনুযায়ী অভিযুক্ত শিক্ষার্থীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে। তদন্তে র্যাগিংয়ের পরিকল্পনা, নেতৃত্ব, অংশগ্রহণ এবং শারীরিক ও মানসিক নির্যাতনের অভিযোগের সত্যতা পাওয়া গেছে।
শাস্তির মধ্যে রয়েছে ৫ হাজার থেকে ২০ হাজার টাকা পর্যন্ত জরিমানা, এক সেমিস্টার থেকে এক বছর পর্যন্ত হল ও ক্লাস থেকে বহিষ্কার এবং অভিভাবকের উপস্থিতিতে মুচলেকা প্রদান। একই ধরনের অপরাধে পুনরায় জড়িত হলে স্থায়ী বহিষ্কারের সতর্কতাও দেওয়া হয়েছে। কয়েকজন শিক্ষার্থীর ক্ষেত্রে শাস্তি শর্তসাপেক্ষে স্থগিত রেখে নজরদারিতে রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
বিশ্ববিদ্যালয় প্রশাসন জানিয়েছে, নির্ধারিত সময়ের মধ্যে জরিমানা পরিশোধ ও মুচলেকা দাখিল না করলে সংশ্লিষ্ট শিক্ষার্থীদের বিরুদ্ধে নির্ধারিত শাস্তি কার্যকর করা হবে। একই সঙ্গে ক্যাম্পাসে র্যাগিং প্রতিরোধে কঠোর নজরদারি অব্যাহত থাকবে।
এদিকে র্যাগিংয়ের বিরুদ্ধে প্রশাসনের নেওয়া এ সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছেন সাধারণ শিক্ষার্থীরা। নিরাপদ ও র্যাগিংমুক্ত ক্যাম্পাস নিশ্চিত করতে এ ধরনের পদক্ষেপ অব্যাহত রাখার দাবি জানিয়েছেন তারা।
বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ জানিয়েছে, শিক্ষার সুষ্ঠু পরিবেশ বজায় রাখতে র্যাগিংয়ের বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ নীতি অব্যাহত থাকবে।
এসএ




Comments