Image description

গাজীপুর মহানগরীর পূবাইলে তাইজুল ইসলাম (৪২) নামে এক রাজমিস্ত্রির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সোমবার (২৪ আগস্ট) সন্ধ্যায় পূবাইল থানাধীন কামারগাঁও এলাকার একটি ভাড়া বাসা থেকে তাঁর মরদেহ উদ্ধার করা হয়।

নিহত তাইজুল ইসলাম নীলফামারীর ডোমার উপজেলার মনিহারিপাড়া এলাকার মৃত আজিজার রহমানের ছেলে। তিনি স্ত্রী-সন্তান নিয়ে পূবাইলের কামারগাঁও এলাকার সেলিম মিয়ার বাড়িতে ভাড়া থাকতেন এবং রাজমিস্ত্রির কাজ করতেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, তাইজুল জুয়া খেলায় আসক্ত হয়ে পড়েছিলেন। এ কারণে তিনি বিভিন্ন ব্যক্তি ও সংস্থার কাছ থেকে ঋণ করেছিলেন বলে স্থানীয়রা জানান। ঋণের চাপ ও মানসিক হতাশার কারণে তিনি বেশ কিছুদিন ধরে দুশ্চিন্তায় ছিলেন বলে জানা গেছে।

সোমবার সন্ধ্যা ৭টার দিকে তাইজুলের স্ত্রী শিল্পী বানু ও তাঁর ১৪ বছর বয়সী মেয়ে পাশের একটি বাসায় বেড়াতে যান। প্রায় আধা ঘণ্টা পর তাঁরা ফিরে এসে ঘরের দরজা ভেতর থেকে বন্ধ দেখতে পান। ডাকাডাকি করেও কোনো সাড়া না পেয়ে তাঁরা চিৎকার করলে আশপাশের লোকজন এগিয়ে আসেন।

পরে স্থানীয়রা জানালার ফাঁক দিয়ে তাইজুলকে ঘরের সিলিংয়ের লোহার অ্যাঙ্গেলের সঙ্গে ঝুলন্ত অবস্থায় দেখতে পান। দরজা ভেঙে তাঁকে নিচে নামিয়ে দ্রুত ইজিবাইকযোগে টঙ্গীর শহীদ আহসান উল্লাহ মাস্টার জেনারেল হাসপাতালে নেওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।

খবর পেয়ে পূবাইল থানা পুলিশ হাসপাতালে গিয়ে মরদেহের সুরতহাল প্রতিবেদন তৈরি করে। পরে ময়নাতদন্তের জন্য মরদেহ হাসপাতালের মর্গে পাঠানো হয়। এ ঘটনায় নিহতের স্ত্রী শিল্পী বানু বাদী হয়ে পূবাইল থানায় একটি অপমৃত্যু মামলা করেছেন।

মঙ্গলবার (২৫ আগস্ট) সকালে পূবাইল থানার উপপরিদর্শক এহতেশাম তালুকদার মানবকণ্ঠকে বলেন, প্রাথমিকভাবে জুয়ায় আসক্তি ও ঋণের চাপজনিত হতাশা থেকে এ ঘটনা ঘটেছে বলে জানা গেছে। আইনি প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

এসএ