রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (রাকসু) নির্বাচনে যত ভোট পাবেন, ততটি গাছ দেওয়ার প্রতিশ্রুতি পূরণ করে এক বিরল দৃষ্টান্ত স্থাপন করেছেন সমাজকর্ম বিভাগের শিক্ষার্থী আরিফ আলভী। নির্বাচনে জয়ী হতে না পারলেও নিজের উপার্জনের অর্থে প্রথম ধাপে ৭২৫টি গাছ বিতরণ ও রোপণের মাধ্যমে কথা রেখেছেন এই তরুণ।
সোমবার (১৪ সেপ্টেম্বর) বিশ্ববিদ্যালয়ের পরিবহন চত্বরে আয়োজিত এক পরিচ্ছন্ন কর্মসূচির মাধ্যমে ১১ প্রজাতির বিভিন্ন ফলদ ও বনজ গাছ বিতরণ এবং রোপণের উদ্যোগ নেওয়া হয়। সংগৃহীত বৃক্ষের মধ্যে কিছু সরাসরি সাধারণ শিক্ষার্থীদের মাঝে বিতরণ করা হয় এবং বাকি সিংহভাগ গাছ বিশ্ববিদ্যালয় কৃষি প্রকল্প শাখার নিকট হস্তান্তর করা হয়েছে, যেন সঠিকভাবে সেগুলোর রোপণ ও লালন-পালন নিশ্চিত করা যায়।
আরিফ আলভীর এমন চমৎকার পরিবেশবান্ধব উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন সাধারণ শিক্ষার্থীরা। ইসলামিক স্টাডিজ বিভাগের শিক্ষার্থী রাকিবুল ইসলাম ও রাষ্ট্রবিজ্ঞান বিভাগের শিক্ষার্থী তাসনিম সুলতানা ঐশি জানান, সাধারণত নির্বাচনের পর প্রার্থীরা কথা ভুলে গেলেও আরিফ আলভীর এমন শিক্ষার্থীবান্ধব পদক্ষেপ অত্যন্ত প্রশংসনীয় ও অনুকরণীয়।
উদ্যোগটির বিষয়ে জানতে চাইলে আরিফ আলভী বলেন, "রাকসু নির্বাচনে কার্যনির্বাহী সদস্য পদে লড়ে আমি ১ হাজার ৭২৫টি ভোট পেয়েছিলাম। বিজয়ী বা পরাজিত যা-ই হই না কেন, যত ভোট পাব ততটি গাছ দেওয়ার অঙ্গীকার ছিল। নিজের জমানো টাকা থেকে প্রথম ধাপে ৭২৫টি গাছ দিলাম। বাকিগুলোও পর্যায়ক্রমে সরবরাহ করা হবে। ভবিষ্যতে দেশের ৬৪ জেলায় ১ হাজার ৭২৫টি করে বৃক্ষরোপণের ইচ্ছা রয়েছে।"
ডিআর




Comments