গবেষণা, উদ্ভাবন ও সৃজনশীলতায় সাফল্যের স্বীকৃতি হিসেবে ‘বাংলাদেশ ইনোভেশন ফেয়ার-২০২৬’-এ বিশ্ববিদ্যালয় ক্যাটাগরিতে দেশের সব সরকারি ও বেসরকারি বিশ্ববিদ্যালয়ের মধ্যে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেছে গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয় (গাকৃবি)।
বিশ্ববিখ্যাত টাইমস হায়ার এডুকেশন (THE), কোয়াককোয়ারেলি সাইমন্ডস (QS) এবং ওয়ার্ল্ড ইউনিভার্সিটি র্যাঙ্কিংস ফর ইনোভেশন (WURI)-এর আন্তর্জাতিক র্যাঙ্কিংয়ের বিভিন্ন ক্যাটাগরিতে জাতীয়ভাবে শীর্ষস্থান এবং বৈশ্বিক পর্যায়ে গৌরবময় অবস্থান নিশ্চিতকারী গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয় এ অনবদ্য রাষ্ট্রীয় স্বীকৃতির মাধ্যমে আবারও তার শ্রেষ্ঠত্বের স্বাক্ষর রাখল।
বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের উদ্যোগে বাংলাদেশে প্রথমবারের মতো গত ১২ থেকে ১৪ সেপ্টেম্বর ঢাকার নভোথিয়েটারে অনুষ্ঠিত ‘বাংলাদেশ ইনোভেশন ফেয়ার-২০২৬’-এ এ অসামান্য স্বীকৃতি অর্জন করে গাকৃবি।
বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. জিকেএম মোস্তাফিজুর রহমানের গতিশীল ও দূরদর্শী নেতৃত্বে বিশ্ববিদ্যালয়ের এ গৌরবময় অর্জন সম্ভব হয়েছে। রাষ্ট্রীয় এ গুরুত্বপূর্ণ সাফল্যে সন্তোষ প্রকাশ করে উপাচার্য বলেন, “এ অসাধারণ অর্জনের কৃতিত্ব বিশ্ববিদ্যালয়ের উদ্ভাবক, শিক্ষার্থী, শিক্ষক, কর্মকর্তা, কর্মচারী এবং গবেষণাগার ও মাঠপর্যায়ের সকল কর্মীর সম্মিলিত প্রচেষ্টা ও নিরলস পরিশ্রমের ফল।”
উপাচার্য আরও আশাবাদ ব্যক্ত করে বলেন, “গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয়ের উদ্ভাবনসমূহ বাংলাদেশের কৃষিখাতের আধুনিকায়ন, উন্নয়ন ও টেকসই অগ্রগতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে এবং দেশের খাদ্য ও কৃষি নিরাপত্তা নিশ্চিতকরণে কার্যকর অবদান রাখবে। তাছাড়া গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয়ের চলমান উদ্ভাবন ‘সমৃদ্ধ বাংলাদেশ’ গড়তে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।”
‘Innovate to Market’ প্রতিপাদ্যে আয়োজিত মেলায় দেশের প্রায় সব সরকারি ও বেসরকারি বিশ্ববিদ্যালয় তাদের উদ্ভাবন ও প্রযুক্তি প্রদর্শন করে। বিশ্ববিদ্যালয়গুলো প্রায় এক হাজারেরও বেশি উদ্ভাবনী প্রযুক্তি প্রদর্শন করে।
মেলায় গাকৃবি উদ্ভাবিত ৯৭টি জাত ও ২০টির অধিক প্রযুক্তির মধ্য থেকে নির্বাচিত শীর্ষ ১২টি জাত ও প্রযুক্তি উপস্থাপন করে। কৃষি, গবেষণা ও খাদ্যনিরাপত্তার সঙ্গে সংশ্লিষ্ট গাকৃবির এসব উদ্ভাবনী প্রযুক্তির বৈজ্ঞানিক গুরুত্ব, বাস্তব প্রয়োগযোগ্যতা, সৃজনশীলতা এবং বাণিজ্যিক সম্ভাবনা দর্শনার্থী, শিল্প উদ্যোক্তা ও সংশ্লিষ্ট নীতিনির্ধারকদের ব্যাপকভাবে দৃষ্টি আকর্ষণ করে।
অন্যান্য বিশ্ববিদ্যালয়ের উদ্ভাবনের সঙ্গে তুলনামূলক মূল্যায়নে গাকৃবির প্রযুক্তিগুলোকে অধিক সম্ভাবনাময় ও জনকল্যাণমুখী হিসেবে বিবেচনা করা হয়। এরই ধারাবাহিকতায় গত সোমবার সন্ধ্যায় বাংলাদেশ ইনোভেশন ফেয়ার-২০২৬-এর সমাপনী অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয় ক্যাটাগরিতে গাকৃবিকে চ্যাম্পিয়ন ঘোষণা করা হয়।
চ্যাম্পিয়ন হওয়ার স্বীকৃতিস্বরূপ প্রধানমন্ত্রীর অর্থ ও পরিকল্পনা উপদেষ্টা অধ্যাপক ড. রাশেদ আল মাহমুদ তিতুমীর এবং বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের সচিব মো. আনোয়ার হোসেন গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. জিকেএম মোস্তাফিজুর রহমানের হাতে সম্মাননা ক্রেস্ট তুলে দেন। এ সময় বিশ্ববিদ্যালয়ের অন্যান্য উদ্ভাবক উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, বাংলাদেশ ইনোভেশন ফেয়ার-২০২৬-এর অন্যতম প্রধান লক্ষ্য হলো বিশ্ববিদ্যালয় ও গবেষণা প্রতিষ্ঠানের উদ্ভাবনকে শিল্প ও বাজারের সঙ্গে সংযুক্ত করা, গবেষণালব্ধ প্রযুক্তির বাণিজ্যিক সম্ভাবনা সৃষ্টি এবং দেশীয় প্রযুক্তিকে মানুষের জীবন ও অর্থনীতির কাজে লাগানো। আয়োজকদের মতে, এটি দেশের ট্রিলিয়ন ডলারের অর্থনীতিতে রূপান্তরের ক্ষেত্রে একটি যুগান্তকারী পদক্ষেপ।
গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয়ের সেকশন অফিসার (জনসংযোগ) মো. রনি ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন।
এসএ




Comments