Image description

নীলফামারী সরকারি খাদ্য গুদামে সরকার নির্ধারিত মজুরি প্রদানের দাবিতে মানববন্ধন করেছেন শ্রমিকরা। মঙ্গলবার দুপুরে জেলা প্রশাসক কার্যালয় প্রাঙ্গণে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। পরে জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি দেন তারা।

মানববন্ধনে শ্রমিকরা অভিযোগ করেন, সরকারি নিয়ম অনুযায়ী একজন শ্রমিককে চালের বস্তা আনা-নেওয়ার জন্য ১৫০ টাকা এবং ধান প্রতি টনে ২৫০ টাকা মজুরি দেওয়ার কথা। কিন্তু তাদের যথাক্রমে ৪৭ টাকা ও ১০০ টাকা করে দেওয়া হচ্ছে।

শ্রমিকদের অভিযোগ, ঠিকাদারি প্রতিষ্ঠান খালেক এন্টারপ্রাইজের স্বত্বাধিকারী এটিএম খালেকুজ্জামান সরকারি নিয়ম উপেক্ষা করে তার ইচ্ছেমতো শ্রমিকদের মজুরি দিচ্ছেন। এ বিষয়ে প্রতিবাদ করায় ঠিকাদারের অধীন কিছু ব্যক্তি তাদের হুমকি ও ভয়ভীতি প্রদর্শন করছেন বলেও অভিযোগ করেন তারা।

স্মারকলিপি প্রদানকালে মো. তহিদুল, মো. দুলাল হোসেন, আজিজুল, মো. বাবুল হোসেন, মো. মোশাররফ হোসেন ও মো. দুলু উপস্থিত ছিলেন।

তবে অভিযোগ অস্বীকার করে ঠিকাদারি প্রতিষ্ঠানের স্বত্বাধিকারী এটিএম খালেকুজ্জামান বলেন, সরকারি বিধি অনুযায়ী খাদ্য গুদামের তালিকাভুক্ত শ্রমিকরা গুদামে কাজ করছেন এবং নিয়ম অনুযায়ী তাদের মজুরি পরিশোধ করা হচ্ছে। যারা অভিযোগ করে মানববন্ধন ও স্মারকলিপি দিয়েছেন, তাদের অভিযোগের কোনো সত্যতা নেই।

পরে শ্রমিকরা জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি দেন। অতিরিক্ত জেলা প্রশাসক নুজহাত তাসনীম আওন স্মারকলিপিটি গ্রহণ করেন।

জেলা খাদ্য নিয়ন্ত্রক সৈয়দ আতিকুল হক বলেন, এ বিষয়ে যথাযথ ব্যবস্থা গ্রহণ করা হবে।

এসএ