Image description

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) নতুন উপাচার্য হিসেবে নিয়োগ পেয়েছেন বিশ্ববিদ্যালয়ের ভূগোল ও পরিবেশ বিভাগের অধ্যাপক ড. মো. নূরুল ইসলাম।
শনিবার (২৬ সেপ্টেম্বর) রাষ্ট্রপতি ও জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের চ্যান্সেলরের অনুমোদনক্রমে শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ থেকে এ নিয়োগের বিষয়ে প্রজ্ঞাপন জারি করা হয়। এর আগে তিনি ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির ভাইস চ্যান্সেলর হিসেবে দায়িত্ব পালন করেন।
প্রজ্ঞাপনে বলা হয়েছে, মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের গত ১৬ মার্চ ২০২৬ তারিখের ৩৭.০০.০০০০.০৭৯,১১.০০২.২০২৬-১০২ নম্বর প্রজ্ঞাপনের (ঙ) নম্বর শর্তের আলোকে অধ্যাপক ড. মো. নূরুল ইসলামকে ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির ভাইস চ্যান্সেলর পদ থেকে অব্যাহতি দেওয়া হয়েছে।
একই প্রজ্ঞাপনে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় আদেশ, ১৯৭৩-এর ১১(১) ধারা অনুসারে তাকে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের উপাচার্য পদে নিয়োগের কথা জানানো হয়েছে।
নিয়োগের শর্ত অনুযায়ী, দায়িত্ব গ্রহণের দিন থেকে চার বছর অথবা তার অবসরের তারিখ—এই দুইয়ের মধ্যে যেটি আগে হবে, সেই সময় পর্যন্ত তিনি উপাচার্য হিসেবে দায়িত্ব পালন করবেন।
এ দায়িত্বের বিপরীতে তিনি বর্তমানে যে পদে রয়েছেন, সেই পদের সমপরিমাণ বেতন ও অন্যান্য ভাতা পাবেন। পাশাপাশি বিধি অনুযায়ী উপাচার্য পদের সঙ্গে সংশ্লিষ্ট অন্যান্য সুযোগ-সুবিধাও ভোগ করবেন।
প্রজ্ঞাপনে আরও বলা হয়েছে, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের প্রধান নির্বাহী কর্মকর্তা হিসেবে উপাচার্যকে সার্বক্ষণিক বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে অবস্থান করতে হবে।
এ ছাড়া রাষ্ট্রপতি ও চ্যান্সেলর প্রয়োজন মনে করলে যেকোনো সময় এ নিয়োগ বাতিল করার ক্ষমতা রাখবেন বলেও প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে।
অধ্যাপক ড. মো. নূরুল ইসলাম জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ভূগোল ও পরিবেশ বিভাগের অধ্যাপক। নতুন নিয়োগের মাধ্যমে তিনি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য হিসেবে প্রশাসনিক দায়িত্ব গ্রহণ করতে যাচ্ছেন।
এসএ