Image description

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) ভূতাত্ত্বিক বিজ্ঞান বিভাগের ২০২০-২১ শিক্ষাবর্ষের (৫০তম ব্যাচ) শিক্ষার্থী মো. মোহাইমিনুল ইসলামের সন্ধান পাওয়া গেছে। নিখোঁজ হওয়ার প্রায় ২৪ ঘণ্টা পর সোমবার (১২ অক্টোবর) কুমিল্লার দাউদকান্দি থেকে তাঁকে উদ্ধার করা হয়।

সোমবার বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদের (জাকসু) সদ্য সাবেক সহকারী সাধারণ সম্পাদক (এজিএস) ফেরদৌস আল হাসান।

ফেরদৌস আল হাসান জানান, অন্য এক ব্যক্তির ফোনে ইন্টারনেট সংযোগ ব্যবহার করে মোহাইমিনুল তাঁর বিভাগের ৪৯তম ব্যাচের সিনিয়র শাহীনকে ফোন করেন। এ সময় তিনি নিজের অবস্থান কুমিল্লার দাউদকান্দিতে বলে জানান। পরে তাঁরা লোকজন পাঠিয়ে তাঁকে উদ্ধার করেন।

বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. আব্দুল হালিম বলেন, “আমরা নিশ্চিত হতে পেরেছি যে, মোহাইমিনুলকে ২৪ ঘণ্টা পর খুঁজে পাওয়া গেছে। বর্তমানে তাঁকে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হেফাজতে রাখা হয়েছে। শিগগিরই তাঁকে ক্যাম্পাসে ফিরিয়ে আনার ব্যবস্থা করা হবে।”

এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক মুহাম্মদ নজরুল ইসলাম বলেন, “ফেরদৌসের একটি পোস্ট থেকে বিষয়টি জানতে পারি। ফেরদৌস আমাদের জনসংযোগ কার্যালয়ের (পিআরও) দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাকেও বিষয়টি জানিয়েছিলেন, যাতে তিনি বিশ্ববিদ্যালয় প্রশাসনকে অবহিত করেন। তাঁর বড় ভাইদের মাধ্যমে তাঁর অবস্থানের বিষয়টিও প্রশাসনকে জানানো হয়। এভাবেই আমরা বিষয়টি সম্পর্কে অবগত হই।”

তিনি আরও বলেন, “আলহামদুলিল্লাহ, শেষ পর্যন্ত তাঁকে খুঁজে পাওয়া গেছে। আমি মনে করি, এটি আমাদের সবার একটি অর্জন। তাঁকে সুস্থ অবস্থায় আমাদের কাছে নিয়ে আসার পর তাঁর সঙ্গে কথা বলে পরবর্তী পদক্ষেপ নির্ধারণ করা হবে। একই সঙ্গে তাঁর জন্য প্রয়োজনীয় সহযোগিতা করারও চেষ্টা করব।”

এসএ