Image description

ফেসবুকে পরিচয়, এরপর প্রেম। সেই প্রেমের টানে বড় ভাইকে সঙ্গে নিয়ে ভারত থেকে জয়পুরহাটে এসেছেন ফারুক চাপরাশি নামে এক যুবক। বিয়ের উদ্দেশ্যে বাংলাদেশে আসা ওই যুবককে ঘিরে স্থানীয়দের মধ্যে কৌতূহল সৃষ্টি হয়েছে। তাদের দেখতে ভিড় করছেন অনেকে। তবে দুই পরিবারের সম্মতিতে বিয়ের আনুষ্ঠানিকতা কবে সম্পন্ন হবে, তা এখনো চূড়ান্ত হয়নি।

সোমবার (১২ অক্টোবর) জয়পুরহাটের কালাই উপজেলার উদয়পুর ইউনিয়নের জমিনপুর গ্রামে এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা গেছে, জমিনপুর গ্রামের সানোয়ার হোসেনের মেয়ে পূর্ণিমার সঙ্গে ফেসবুকে পরিচয় হয় ভারতের পশ্চিমবঙ্গের বাসিন্দা ফারুক চাপরাশির। সামাজিক যোগাযোগমাধ্যমে কথাবার্তার একপর্যায়ে তাদের মধ্যে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। পরে সেই সম্পর্ককে বিয়েতে রূপ দিতে গত ৮ অক্টোবর ভারতের কলকাতা থেকে বেনাপোল স্থলবন্দর হয়ে বাংলাদেশে আসেন ফারুক ও তাঁর বড় ভাই মুর্শিদ। এরপর থেকে তাঁরা পূর্ণিমাদের বাড়িতে অবস্থান করছেন।

সোমবার সানোয়ার হোসেনের বাড়িতে গিয়ে তাঁদের অবস্থান করতে দেখা যায়। তাঁদের পাসপোর্ট ও ভিসার তথ্য অনুযায়ী, দুই ভাই ভারতের পশ্চিমবঙ্গের বারুইপুর এলাকার বাসিন্দা। তাঁদের বাংলাদেশে আসার খবর ছড়িয়ে পড়লে স্থানীয়দের মধ্যে চাঞ্চল্যের সৃষ্টি হয়।

পূর্ণিমার বাবা সানোয়ার হোসেন বলেন, “ফারুক ও তাঁর বড় ভাই গত ৮ অক্টোবর পাসপোর্ট-ভিসা নিয়ে আমার বাড়িতে এসেছেন। আমরাও পাসপোর্ট-ভিসা করার ব্যবস্থা করেছি। ভিসা পেলে ভারতে গিয়ে তাঁদের পরিবারের সঙ্গে কথা বলে বিয়ের অনুষ্ঠান করা হবে।”

এ বিষয়ে কালাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইদুল আলম বলেন, বিষয়টি মৌখিকভাবে শুনেছেন। খোঁজখবর নিয়ে বিস্তারিত জানানো হবে।

এসএ