ইরান-সমর্থিত হুথিদের হামলার আশঙ্কায় কঠোর নিরাপত্তাবেষ্টিত বাংকার-সুবিধাসম্পন্ন বিভিন্ন প্রাসাদে অবস্থান পরিবর্তন করছেন সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমান।
দ্য ওয়াল স্ট্রিট জার্নালের প্রতিবেদনের বরাত দিয়ে জানা গেছে, সৌদি আরবের প্রধান আন্তর্জাতিক বিমানবন্দরে প্রাণঘাতী হামলার পর দেশটিতে নিরাপত্তা পরিস্থিতির অবনতি হয়েছে। ওই হামলায় অন্তত ১৩ জন নিহত এবং শত শত মানুষ আহত হন।
প্রতিবেদন অনুযায়ী, রিয়াদে হুথিদের হামলা জোরদার হওয়ায় ৪১ বছর বয়সী যুবরাজকে জনসমক্ষে খুব কমই দেখা যাচ্ছে। সর্বশেষ গত মঙ্গলবার জাতীয় রক্তদান কর্মসূচিতে অংশ নিয়ে তিনি নিজেও রক্তদান করেন। এরপর থেকে তিনি প্রকাশ্যে আসেননি।
সৌদি কর্মকর্তাদের বরাত দিয়ে দ্য ওয়াল স্ট্রিট জার্নাল জানিয়েছে, যুবরাজের নিরাপত্তায় নিয়োজিত রয়েছে বাছাই করা একটি বিশেষ নিরাপত্তা দল। নিরাপত্তা ঝুঁকি বিবেচনায় তিনি বাংকার-সুবিধাসহ কড়া নিরাপত্তাবেষ্টিত বিভিন্ন প্রাসাদে অবস্থান পরিবর্তন করছেন।
হুথিদের হামলার প্রভাব রিয়াদের বিভিন্ন এলাকাতেও পড়েছে। শহরের আর্থিক এলাকার কর্মী, আন্তর্জাতিক স্কুলের শিক্ষার্থী ও কূটনীতিকদের নিরাপদ স্থানে সরে যাওয়ার পরামর্শ দেওয়া হয়েছে। হামলার কারণে রাজধানীর বিভিন্ন স্কুল বন্ধ করে অনলাইন পাঠদানও চালু করা হয়েছে।
প্রতিবেদনে বলা হয়, চলমান সংঘাত সৌদি যুবরাজের অর্থনৈতিক ও পর্যটনকেন্দ্রিক উচ্চাকাঙ্ক্ষার ওপরও চাপ তৈরি করছে। প্রতিরক্ষা ও অবকাঠামো খাতে ব্যয় বাড়ায় অর্থনৈতিক বহুমুখীকরণের পরিকল্পনায় প্রয়োজনীয় অর্থের ওপর চাপ তৈরি হচ্ছে। এতে তেলনির্ভরতা কমিয়ে নতুন খাত সম্প্রসারণের উদ্যোগও বাধাগ্রস্ত হওয়ার আশঙ্কা রয়েছে।
এদিকে সৌদি নেতৃত্বাধীন জোট ও ইরান-সমর্থিত হুথিদের সংঘাত তীব্র হওয়ার মধ্যে যুক্তরাষ্ট্রের সম্ভাব্য হস্তক্ষেপের ইঙ্গিত দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সৌদি আরব পাল্টা হামলার হুঁশিয়ারি দেওয়ার পর সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি বলেন, প্রয়োজন হলে যুক্তরাষ্ট্রও পাল্টা হামলায় যোগ দিতে পারে।
এসএস




Comments