Image description

সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) কেমিস্ট্রি বিভাগের শিক্ষার্থী শাহরিয়ার বাঁধন রাতুল বিষপানে মারা গেছেন। প্রেমিকার সঙ্গে মোবাইল ফোনে কথোপকথনের একপর্যায়ে ঝগড়ার পর তিনি বিষপান করেছিলেন বলে পরিবারের সূত্রে জানা গেছে।

মঙ্গলবার (১৩ অক্টোবর) দুপুর আড়াইটার দিকে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। রাতুল চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলার দর্শনা পৌর এলাকার ঈশ্বরচন্দ্রপুর গ্রামের নইমুদ্দিন পল্টুর ছেলে। তিনি শাবিপ্রবির কেমিস্ট্রি বিভাগের দ্বিতীয় বর্ষের প্রথম সেমিস্টারের শিক্ষার্থী ছিলেন।

পারিবারিক সূত্র জানায়, গত ৪ অক্টোবর রাত ১০টার দিকে মোবাইল ফোনে প্রেমিকার সঙ্গে কথোপকথনের একপর্যায়ে রাতুলের ঝগড়া হয়। এর পর তিনি ঘাস মারা বিষ পান করেন। অসুস্থ হয়ে পড়লে তার বন্ধুরা তাকে উদ্ধার করে ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন।

হাসপাতালে নেওয়ার পর তার পাকস্থলী থেকে বিষ অপসারণের প্রক্রিয়া সম্পন্ন করে নিবিড় পর্যবেক্ষণে রাখা হয়। দুই দিন পর কিডনি সমস্যার কারণে তার ডায়ালাইসিস করা হয়। পরে তাকে আইসিইউতে নেওয়া হয়। নয় দিন চিকিৎসাধীন থাকার পর মঙ্গলবার দুপুরে তার মৃত্যু হয়।

মঙ্গলবার বাদ আসর শাবিপ্রবি ক্যাম্পাসে রাতুলের প্রথম জানাজা অনুষ্ঠিত হয়। পরে তার মরদেহ গ্রামের বাড়ি দর্শনার ঈশ্বরচন্দ্রপুরে নিয়ে যান বন্ধুরা। তার মৃত্যুতে পরিবার, সহপাঠী ও বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে।

জালালাবাদ থানার ওসি মোহাম্মদ শামসুল হাবিব ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, রাতুলের মা মোছা. শাহিনা আক্তার কোনো অভিযোগ করেননি। ঊর্ধ্বতন কর্তৃপক্ষের অনুমোদন সাপেক্ষে ময়নাতদন্ত ছাড়াই মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

এসএস