Image description

রাজধানীর গুলশানে মাঝরাতে গ্রিল কেটে এক ব্যবসায়ীর ফ্ল্যাটে চুরির ঘটনা ঘটেছে। তবে চোর কিছু জিনিসপত্র নিয়ে গেলেও, পাশের বাড়ির কয়েকটি কুকুরের তীব্র চিৎকারে ঘুম ভেঙে যাওয়ায় আরও বড় ধরনের ক্ষতির হাত থেকে রক্ষা পেয়েছে পরিবারটি। গত ১০ ফেব্রুয়ারি দিবাগত রাতে গুলশান-২ এর ১১১ নম্বর সড়কের ২৮ নম্বর বাড়িতে এই ঘটনা ঘটে।

ভুক্তভোগী ওই ফ্ল্যাটের বাসিন্দা ব্যবসায়ী মো. ওয়াহিদুজ্জামান প্রধান জানান, রাত সোয়া ৩টা থেকে সাড়ে ৪টার মধ্যে এই চুরির ঘটনা ঘটে। সিসিটিভি ফুটেজে দেখা যায়, দুই জন চোর বাইরে পাহারায় ছিল এবং একজন গ্রিল কেটে ভেতরে প্রবেশ করে। চোর ঘরে ঢুকে প্রায় চার লাখ টাকা মূল্যের ৫টি মোবাইল ফোন ও নগদ ২৫ হাজার টাকা চুরি করে। ঘরে ঢোকার সময় কাঁচ লেগে চোরের পা কেটে যায়, যার ফলে ফ্ল্যাটের মেঝেতে ছোপ ছোপ রক্তের দাগ পাওয়া যায়।

চোর যখন আরও জিনিসপত্র হাতিয়ে নেওয়ার পাঁয়তারা করছিল, ঠিক তখনই পাশের ১৯ নম্বর বাড়ির বিদেশি নাগরিকদের পালিত ৫-৬টি বিদেশি কুকুর একযোগে জোরে ডাকতে শুরু করে। কুকুরের এই তীব্র চিৎকারে ওয়াহিদুজ্জামান ও তার পরিবারের ঘুমন্ত সদস্যদের নির্দিষ্ট সময়ে ঘুম ভেঙে যায়। তারা জেগে উঠলে চোর পালিয়ে যায় এবং বড় কোনো বিপদের হাত থেকে পরিবারটি বেঁচে যায়।

এ ঘটনায় গুলশান থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। ভুক্তভোগীরা জানিয়েছেন, চুরি যাওয়া মোবাইলগুলো কয়েকদিন যমুনা ফিউচার পার্ক এলাকায় সচল দেখা গেছে। এ বিষয়ে গুলশান থানার ওসি রাকিবুল হাসান জানান, পুলিশ প্রযুক্তিগত তদন্তের মাধ্যমে চোর চক্রকে শনাক্ত এবং খোয়া যাওয়া মালামাল উদ্ধারের জোর চেষ্টা চালাচ্ছে।

মানবকণ্ঠ/আরআই