Image description

রাজধানীর মধ্যবাড্ডায় কর্মরত অবস্থায় সড়ক দুর্ঘটনায় নিহত পরিচ্ছন্নকর্মী শেফালী বেগমের পরিবারের পাশে দাঁড়িয়েছেন ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের (ডিএনসিসি) প্রশাসক মোঃ শফিকুল ইসলাম খান। শুক্রবার (৩১ জুলাই) সকালে নিহতের মরদেহ দেখতে এসে তিনি ফিটনেসবিহীন যানবাহন এবং লাইসেন্সবিহীন ও অদক্ষ চালকদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণের হুঁশিয়ারি দেন।

ডিএনসিসি প্রশাসক জানান, যেসব গাড়ি ফিটনেসবিহীন অবস্থায় রাস্তায় চলাচল করছে এবং যেসব চালকের বৈধ লাইসেন্স নেই বা যারা অদক্ষ, তাদের বিরুদ্ধে বিআরটিএর (BRTA) সাথে আলোচনা করে দ্রুত কঠোর ব্যবস্থা নেওয়া হবে। তিনি বলেন, “অদক্ষ চালকদের কারণে এমন মর্মান্তিক মৃত্যু আর কাম্য নয়। এ বিষয়ে সবাইকে সর্বোচ্চ সতর্কতা অবলম্বন করতে হবে।”

উল্লেখ্য, সকালে দুর্ঘটনার সংবাদ পাওয়ার পরপরই মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশে নিহত পরিচ্ছন্ন কর্মীর বাসায় ছুটে আসেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের মাননীয় প্রতিমন্ত্রী মীর শাহ আলম এবং গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের মাননীয় প্রতিমন্ত্রী আহম্মদ সোহেল মনজুর এমপি। তাদের সাথে ডিএনসিসির প্রশাসক মোঃ শফিকুল ইসলাম খানও উপস্থিত ছিলেন।

এ সময় প্রশাসক শেফালী বেগমের শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান। ডিএনসিসির পক্ষ থেকে নিহতের পরিবারকে ৪ লক্ষ টাকা আর্থিক অনুদান এবং এক বছরের বেতন প্রদানের ঘোষণা দেন তিনি। প্রশাসক বলেন, “পরিচ্ছন্ন কর্মীরা দিনরাত পরিশ্রম করে নগরবাসীকে সেবা দিয়ে যাচ্ছেন। তারা যাতে নিরাপদে ও নির্বিঘ্নে কাজ করতে পারেন, সে ব্যাপারে সবাইকে দায়িত্বশীল ও সতর্ক হতে হবে।”

বেপরোয়া গাড়ি চালনা ও যানজট সৃষ্টিকারীদের সতর্ক করে প্রশাসক বলেন, ডিএনসিসির কোনো গাড়ি যদি অদক্ষ ড্রাইভার বা হেল্পার দ্বারা চালানো হয়, তবে তদন্ত সাপেক্ষে তাদের বিরুদ্ধেও কঠোর ব্যবস্থা নেওয়া হবে। তবে তিনি স্পষ্ট করেন যে, তার জানামতে ডিএনসিসির কোনো গাড়ি হেল্পার বা অদক্ষ চালক দ্বারা পরিচালিত হয় না।

পরিদর্শনকালে ডিএনসিসির প্রধান বর্জ্য ব্যবস্থাপনা কর্মকর্তা কমডোর মোঃ হুমায়ুন কবিরসহ ডিএনসিসির ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। ডিএনসিসি সবসময় তার কর্মীদের পাশে থাকবে বলে পুনরায় অঙ্গীকার ব্যক্ত করেন প্রশাসক।

মানবকণ্ঠ/ডিআর