Image description

ভারতে ‘এআই চশমা’র ব্যবহার ও চাহিদা বাড়ছে। সাধারণ চশমার মতো দেখতে এসব চশমায় ক্যামেরা, কৃত্রিম বুদ্ধিমত্তা, মাইক্রোফোন ও ব্লুটুথ স্পিকার রয়েছে। এর মাধ্যমে ছবি-ভিডিও ধারণ, সরাসরি সম্প্রচার, কল ও বার্তা আদান-প্রদানসহ বিভিন্ন কাজ করা যায়।

তবে গোপনে ছবি ও ভিডিও ধারণের সুযোগ থাকায় এ প্রযুক্তি নিয়ে গোপনীয়তা ও নিরাপত্তার উদ্বেগও বাড়ছে। দিল্লির যন্তর মন্তরে বিক্ষোভের সময় এ ধরনের চশমা ব্যবহার করে বিক্ষোভকারীদের ভিডিও ধারণ ও পরিচয় শনাক্তের অভিযোগ উঠেছে। কলকাতায় এক কলেজ শিক্ষকের সঙ্গে গোপনে কথোপকথন ধারণ করে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেওয়ার অভিযোগে একজনের বিরুদ্ধে মামলাও হয়েছে।

ভারতে মেটার ‘রেব্যান মেটা’ এআই চশমার দাম শুরু হয়েছে প্রায় ৩৯ হাজার ৯০০ রুপি থেকে। তবে মেটা ভারতে বিক্রির নির্দিষ্ট সংখ্যা প্রকাশ করেনি।

সাইবার নিরাপত্তা ও প্রযুক্তি বিশেষজ্ঞরা গোপন রেকর্ডিং, তথ্য চুরি, মুখ শনাক্তকরণ এবং ব্যক্তিগত তথ্যের অপব্যবহারের ঝুঁকি নিয়ে উদ্বেগ জানিয়েছেন। এ ধরনের প্রযুক্তি ব্যবহারে স্পষ্ট নীতিমালা ও নিয়ন্ত্রণের প্রয়োজন বলেও মত দিয়েছেন তারা।

মেটার দাবি, চশমায় রেকর্ডিংয়ের সময় একটি এলইডি আলো জ্বলে ওঠে এবং এটি নিষ্ক্রিয় বা ঢেকে দিলে ক্যামেরা কাজ করে না। প্রতিষ্ঠানটি আরও জানিয়েছে, নীতিমালা লঙ্ঘনকারী ভিডিও ও পোস্ট সরিয়ে নেওয়ার ব্যবস্থা রয়েছে।

এনএ