সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার ৮২তম জন্মবার্ষিকী উপলক্ষে জাতীয় মসজিদ বায়তুল মোকাররমে বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়েছে।
শনিবার বাদ জোহর অনুষ্ঠিত এ দোয়া ও মোনাজাতে বেগম খালেদা জিয়ার বিদেহী আত্মার মাগফিরাত কামনা করা হয়। তাঁর জীবনের ভুলত্রুটি ক্ষমা করে মহান আল্লাহ যেন তাঁকে জান্নাতুল ফেরদৌস নসিব করেন—এ জন্যও দোয়া করা হয়।
এ সময় দেশের শান্তি, সমৃদ্ধি, সার্বভৌমত্ব ও কল্যাণ এবং দেশের মানুষের সুখ-শান্তি ও নিরাপত্তার জন্য মহান আল্লাহর রহমত কামনা করা হয়।
দোয়া ও মোনাজাতে জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের ইমাম, ইসলামিক ফাউন্ডেশনের কর্মকর্তা-কর্মচারী, মুসল্লি ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।
মোনাজাত পরিচালনা করেন জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের পেশ ইমাম মুফতি মহিউদ্দিন কাসেম। তিনি বেগম খালেদা জিয়ার রূহের মাগফিরাত, কবরের শান্তি ও পরকালীন জীবনে মহান আল্লাহর বিশেষ রহমত কামনা করেন। একই সঙ্গে তাঁর পরিবারের সদস্য, স্বজন, সহকর্মী ও শুভাকাঙ্ক্ষীদের জন্যও দোয়া করা হয়।
এ ছাড়া তারেক রহমানের সুস্থতা ও দীর্ঘায়ু কামনা করে বিশেষ দোয়া করা হয়।
এসএ




Comments