রাজধানীর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কাস্টমস হলের ওয়াশরুমের হাই কমোডের ট্যাংকের ভেতর থেকে ৪ দশমিক ২০৪ কেজি স্বর্ণসদৃশ পেস্ট উদ্ধার করেছেন কাস্টমস গোয়েন্দারা।
শনিবার (১৯ সেপ্টেম্বর) সন্ধ্যা ৬টার দিকে বিমানবন্দরের ১ নম্বর বেল্ট সংলগ্ন ওয়াশরুমে গোপন তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে এসব পেস্ট জব্দ করা হয়।
কাস্টমস গোয়েন্দা সূত্রে জানা যায়, তল্লাশিকালে ওয়াশরুমের একটি কমোডের ওয়াটার ট্যাংকের ভেতরে পলিথিনে অত্যন্ত সুকৌশলে মোড়ানো ৮টি ডিমসদৃশ প্যাকেট উদ্ধার করা হয়। তবে আশপাশে অনুসন্ধান চালিয়েও এর কোনো দাবিদার বা বহনকারীকে শনাক্ত করা সম্ভব হয়নি। পরে প্যাকেটগুলো খুলে ৪ কেজি ২০৪ গ্রাম ওজনের স্বর্ণসদৃশ পেস্ট পাওয়া যায়।
ঘটনার সত্যতা নিশ্চিত করে কাস্টমস কর্মকর্তারা জানান, জব্দকৃত পেস্টগুলো বর্তমানে স্বর্ণ পৃথকীকরণের কাজ চলছে। উদ্ধারকৃত পদার্থ থেকে খাঁটি স্বর্ণ নিষ্কাশনের পরই এর প্রকৃত বাজারমূল্য, মোট ওজন ও বিশুদ্ধতা নিশ্চিত হওয়া যাবে।
ডিআর




Comments