Image description

মুন্সীগঞ্জের টঙ্গিবাড়ী উপজেলায় আধিপত্য বিস্তার ও স্লোগান দেওয়াকে কেন্দ্র করে বিএনপির দুই পক্ষের মধ্যে ধারালো অস্ত্র নিয়ে দফায় দফায় রক্তক্ষয়ী সংঘর্ষের ঘটনা ঘটেছে।

বৃহস্পতিবার (২২ জানুয়ারি) বেলা ১১টা থেকে দুপুর ১টা পর্যন্ত উপজেলার দিঘীরপাড় ও কামারখাড়া বাজার এলাকায় এই সংঘর্ষের ঘটনা ঘটে। এতে অন্তত ১০ জন আহত হওয়ার খবর পাওয়া গেছে।

স্থানীয় সূত্রে জানা গেছে, মুন্সীগঞ্জ-২ আসনে বিএনপির প্রার্থী আব্দুস সালাম আজাদের পক্ষে মিছিল বের করা নিয়ে এ উত্তজনা শুরু হয়। বৃহস্পতিবার বেলা ১১টার দিকে বিএনপি নেতা শামীম মোল্লার সমর্থকরা দিঘীরপাড় বাজার থেকে মিছিল নিয়ে কামারখাড়া এলাকায় গেলে ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মনোয়ার বেপারির সমর্থকদের সঙ্গে সংঘর্ষ বাঁধে। এর জের ধরে দুপুর ১টার দিকে দিঘীরপাড় বাজারে পুনরায় স্থানীয় 'খান' ও 'মোল্লা' বংশের বিএনপি সমর্থক দুই গ্রুপ দেশীয় ও ধারালো অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে।

সংঘর্ষের সময় পুরো এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে এবং দোকানপাট বন্ধ হয়ে যায়। কয়েক শতাধিক লোক এই ধাওয়া-পাল্টা ধাওয়ায় অংশ নেয়। এই ঘটনায় আহতদের মধ্যে ফেরদৌস ও নজরুল মোল্লা নামে দুজনের পরিচয় পাওয়া গেছে।

আহত ফেরদৌস অভিযোগ করে বলেন, "আমরা বিএনপির প্রার্থী অ্যাডভোকেট আব্দুস সালাম আজাদের পক্ষে মিছিল করছিলাম। কিন্তু স্থানীয় শামীম মোল্লার লোক নজরুল মোল্লা এসে জোরপূর্বক শামীম মোল্লার নামে স্লোগান দিতে বলেন। এ নিয়ে প্রতিবাদ করলে তারা আমাদের ওপর হামলা চালায়।"

খবর পেয়ে দিঘীরপাড় তদন্ত কেন্দ্রের পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। বর্তমানে এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে এবং পুনরায় সংঘর্ষ এড়াতে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

টঙ্গিবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুল হক ডাবলু বলেন, "দিঘীরপাড় বাজারে দুই গ্রুপের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়ার খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে। আহতের বিষয়ে এখনো সুনির্দিষ্ট অভিযোগ পাইনি। এ ঘটনায় তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।"

মানবকণ্ঠ/ডিআর