অনুমোদনহীন তেলের দোকানে ভ্রাম্যমাণ আদালতের অভিযান, জব্দ ১,৭২৯ লিটার জ্বালানি
সিরাজগঞ্জের কাজীপুরে অনুমোদনহীন এক তেলের দোকানে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ ডিজেল ও পেট্রোল জব্দ করেছে ভ্রাম্যমাণ আদালত। এ সময় দোকান মালিককে অর্থদণ্ডও প্রদান করা হয়।
গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার (২ এপ্রিল) ভোররাতে উপজেলার সোনামুখী বাজারের পূর্ব পাশের রাস্তাসংলগ্ন মেসার্স এস আর ফুয়েল ট্রেডার্স-এ এ অভিযান পরিচালনা করেন এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ও কাজীপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মোস্তাফিজুর রহমান।
প্রায় তিন ঘণ্টাব্যাপী অভিযানে দোকানটিতে অবৈধভাবে মজুত রাখা পাঁচটি ড্রাম থেকে মোট ১ হাজার ৭২৯ লিটার জ্বালানি তেল জব্দ করা হয়। এর মধ্যে ১ হাজার ৩৩ লিটার পেট্রোল এবং ৬৯৪ লিটার ডিজেল ছিল।
অভিযানকালে দোকান মালিক সোনামুখী ইউনিয়নের রৌহাবাড়ী গ্রামের আজাহার আলীর ছেলে শাহা আলম (৩২) জ্বালানি তেল সংগ্রহ ও মজুতের বৈধ কোনো কাগজপত্র দেখাতে পারেননি। পরে তিনি আদালতের কাছে নিজের দোষ স্বীকার করেন।
এ ঘটনায় পেট্রোলিয়াম আইন, ২০১৬-এর ২০(১) ক ধারা অনুযায়ী শাহা আলমকে ১০ হাজার টাকা অর্থদণ্ড এবং অনাদায়ে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়। তিনি তাৎক্ষণিকভাবে জরিমানার টাকা পরিশোধ করেন।
ইউএনও মো. মোস্তাফিজুর রহমান জানান, ওই ব্যবসায়ী দীর্ঘদিন ধরে অবৈধভাবে তেল মজুত করে প্রতিদিন ভোর ৪টা থেকে সকাল ৭টা পর্যন্ত গোপনে ডিজেল প্রতি লিটার ১৫০ টাকা এবং পেট্রোল প্রতি লিটার ২২০ টাকা দরে বিক্রি করতেন।
জব্দ করা তেল সিরাজগঞ্জের একটি পেট্রোল পাম্পে হস্তান্তর করা হয়েছে এবং বিক্রির অর্থ সরকারি কোষাগারে জমা দেওয়া হবে বলেও তিনি জানান।




Comments