পাথরবোঝাই ট্রাকের পেছনে ইটবাহী ট্রাকের ধাক্কা, খোয়া ব্যবসায়ী নিহত
বগুড়ার শিবগঞ্জে দাঁড়িয়ে থাকা পাথরবোঝাই ট্রাকের পেছনে ইটবাহী ট্রাকের ধাক্কায় শামীম হাসান(৫০) নামের এক খোয়া ব্যবসায়ী নিহত হয়েছেন। রোববার (১ ফেব্রুয়ারী) সকাল সাড়ে ৭টার দিকে উপজেলার মোকামতলার লস্করপুর এলাকায় বগুড়া-রংপুর মহাসড়কে এই দুর্ঘটনা ঘটে।
নিহত শামীম হাসান শিবগঞ্জ উপজেলার মোকামতলা ইউনিয়নের চকপাড়া গ্রামের মৃত আব্দুস সামাদের ছেলে। তিনি খোয়া ব্যবসার পাশাপাশি একজন পশু চিকিৎসকও ছিলেন।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, শামীম দীর্ঘদিন ধরে খোয়ার ব্যবসা পরিচালনা করতেন। রোববার সকালে শিবগঞ্জ উপজেলার পাকুড়তলা এলাকার এক ইটভাটা থেকে খোয়া নিয়ে যাচ্ছিলেন চন্ডিহারা দিকে। এসময় তিনি চালকের পাশের সিটে বসা ছিলেন। ট্রাকটি মোকামতলার লস্করপুর এলাকায় পৌঁছালে সড়কের ওপর দাঁড়িয়ে থাকা একটি পাথরবোঝাই ট্রাকের পেঁছনে সজোরে ধাক্কা দেয়। এতে ট্রাকের সামনের অংশ দুমড়ে মুচড়ে যায় এবং গুরুতর আহত হয়ে ঘটনাস্থলেই মারা যান শামীম।
বিষয়টি নিশ্চিত করে কুন্দারহাট হাইওয়ে পুলিশের সাব-ইন্সপেক্টর শহিদুল ইসলাম মানবকণ্ঠকে বলেন, "দুর্ঘটনার খবর পেয়ে আমরা দ্রুত ঘটনাস্থলে গিয়ে নিহতের মরদেহ উদ্ধার করি। পুলিশ পৌঁছানোর আগেই ট্রাকটি দ্রুত পালিয়ে যাওয়ায় তাকে আটক করা সম্ভব হয়নি। এঘটনায় পরবর্তী আইনানুগ কাজ চলমান আছে।"




Comments