ফেনী-১ আসন
ভোট দিলে জান্নাত মিলবে এমন কথা বলা শিরক: বিএনপি প্রার্থী
ফেনী-১ আসনের বিএনপির মনোনীত প্রার্থী ও ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির আহ্বায়ক মুন্সি রফিকুল আলম মজনু বলেছেন, জান্নাত দেওয়ার মালিক একমাত্র মহান আল্লাহ, কোনো রাজনৈতিক দল নয়। একটি ভোট দিলে জান্নাতে যাওয়া যাবে এমন কথা বলা ইসলামের পরিপন্থী এবং স্পষ্ট শিরক।
রোববার (১ ফেব্রুয়ারি) দিনব্যাপী ফেনীর পরশুরাম উপজেলার বক্স মাহমুদ ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ড ও গুরুত্বপূর্ণ বাজারে নির্বাচনি গণসংযোগ, পথসভা ও উঠান বৈঠকে তিনি এসব কথা বলেন।
নির্বাচনি প্রচারণায় মুন্সি রফিকুল আলম মজনু বলেন, “বিএনপি আগামীতে রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পেলে দেশে ন্যায়বিচার ও আইনের শাসন প্রতিষ্ঠা করবে। আমরা সকল ধর্ম-বর্ণ ও শ্রেণী-পেশার মানুষের জন্য একটি নিরাপদ ও ভয়হীন সমাজ বিনির্মাণ করতে চাই। শহীদ জিয়ার আদর্শ ও দেশনায়ক তারেক রহমানের নেতৃত্বে বাংলাদেশ প্রকৃত সমৃদ্ধির পথে এগিয়ে যাবে।”
প্রতিপক্ষ রাজনৈতিক দলের নাম উল্লেখ করে তিনি বলেন, “একটি দল বলছে তাদের ভোট দিলে জান্নাতে যাওয়া যাবে। এটি জনগণের ঈমান নিয়ে ছিনিমিনি খেলা। দুনিয়াতে থাকতেই জান্নাতের সুসংবাদ পেয়েছিলেন মাত্র ১০ জন সাহাবী। অথচ তারা সাধারণ মানুষকে জান্নাতে নেওয়ার লোভ দেখিয়ে ভোট চাচ্ছে। তারা আসলে একটি মৌলবাদী ও ভুয়া দল। এরা ক্ষমতায় আসলে দেশ ও দশের সর্বনাশ হবে।”
তিনি আরও বলেন, “নামাজ, রোজা, হজ্জ ও জাকাতের মাধ্যমেই জান্নাত লাভ করা সম্ভব, কোনো দলকে ভোট দিয়ে নয়। তাই দেশের উন্নয়ন ও মানুষের নিরাপত্তার স্বার্থে আগামী নির্বাচনে ধানের শীষ প্রতীকে ভোট দিয়ে বিএনপিকে জয়যুক্ত করার আহ্বান জানাই।”
এদিন তিনি বক্স মাহমুদ ইউনিয়নের তালবাড়িয়া, মোহাম্মদপুর সরকারি বিদ্যালয় প্রাঙ্গণ, দক্ষিণ কেত রাঙা চৌরাস্তা, উত্তর কেত রাঙা ঈদগাহ, দক্ষিণ গুথুমা মানগাজী, বাগমারা জমিয়ার গাঁও ও সাত কুচিয়াসহ বিভিন্ন প্রত্যন্ত এলাকায় ব্যাপক গণসংযোগ করেন।
প্রচারণাকালে প্রার্থীর সঙ্গে ছিলেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও সাবেক মেয়র আবু তালেব, জেলা যুবদলের আহ্বায়ক নাসির উদ্দীন, উপজেলা বিএনপির আহ্বায়ক আবদুল হালিম মানিক, সদস্য সচিব ইব্রাহিম খলিল মনি, যুগ্ম আহ্বায়ক অ্যাডভোকেট আবদুল হালিম মাকসুদ, উপজেলা যুবদলের আহ্বায়ক শামসুল আলম শাকিলসহ বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।
মানবকণ্ঠ/ডিআর




Comments