সকালে ফজরের নামাজ পড়ে গরম ভাত খেয়ে ভোটকেন্দ্রে যাবেন: আমান উল্লাহ
ঢাকা-২ আসনের বিএনপি মনোনীত সংসদ সদস্য প্রার্থী ও ডাকসুর সাবেক ভিপি আমান উল্লাহ আমান ভোটারদের উদ্দেশ্যে বলেছেন, "নির্বাচনের দিন সকালে ফজরের নামাজ পড়ে এবং গরম ভাত খেয়ে আপনারা ভোটকেন্দ্রে যাবেন। ভোট প্রদান শেষে ফলাফলের শিট হাতে নিয়ে তবেই বাড়ি ফিরবেন।"
মঙ্গলবার (০৩ ফেব্রুয়ারি) দুপুরে ঢাকার কেরানীগঞ্জ উপজেলার হযরতপুর ইউনিয়নের বালুচর এলাকায় নির্বাচনী প্রচারণাকালে এক পথসভায় তিনি ভোটারদের এই নির্দেশনা দেন।
আমান উল্লাহ আমান বলেন, "বিগত বিএনপি সরকারের আমলে কেরানীগঞ্জে ব্যাপক উন্নয়নমূলক কাজ সম্পন্ন হয়েছিল। সেই অসমাপ্ত কাজগুলো শেষ করতে আগামী নির্বাচনে সবাই ঐক্যবদ্ধভাবে ‘ধানের শীষ’ প্রতীকে ভোট দিন। ইনশাআল্লাহ, নির্বাচিত হয়ে সংসদে যেতে পারলে কেরানীগঞ্জকে একটি আধুনিক ও তিলোত্তমা উপশহর হিসেবে গড়ে তুলব।"
ভোটারদের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে তিনি বলেন, "আপনারা আমাকে ১৯৯১, ১৯৯৬ এবং ২০০১ সালে বিপুল ভোটের ব্যবধানে সংসদ সদস্য নির্বাচিত করেছিলেন। আপনাদের সেই ভালোবাসার কথা আমি ভুলিনি। এবারও আশা করি, আপনারা আমাকে জয়ী করে দেশসেবার সুযোগ দেবেন।"
এদিন সকাল ১১টায় হযরতপুর ইউনিয়নের কানারচর এলাকা থেকে আমান উল্লাহ আমান তাঁর নির্বাচনী প্রচারণা শুরু করেন। এরপর আলীপুর ব্রিজ, ইটাভাড়া, কুরাইশনগর মোড় এবং কবি নজরুল উচ্চ বিদ্যালয় হয়ে বালুরচর মনিরের দোকান এলাকা পর্যন্ত বিশাল মিছিল সহকারে প্রদক্ষিণ করেন। এ সময় রাস্তার দুপাশে দাঁড়িয়ে থাকা সাধারণ ভোটাররা তাঁকে ফুলেল শুভেচ্ছা জানান। প্রচারণাকালে কেরানীগঞ্জ উপজেলা বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের বিপুল সংখ্যক নেতা-কর্মী উপস্থিত ছিলেন।
মানবকণ্ঠ/ডিআর




Comments