ডিপ্লোমা প্রকৌশলীদের জন্য সংরক্ষিত ১০ম গ্রেডের সরকারি চাকরিতে বিএসসি ডিগ্রিধারীদের প্রবেশের সুযোগ দেওয়ার প্রতিবাদে কুষ্টিয়ায় রেল ও সড়কপথ অবরোধ করে বিক্ষোভ করেছেন পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থীরা।
মঙ্গলবার (০৩ ফেব্রুয়ারি) সকালে এ কর্মসূচির কারণে প্রায় ৩০ মিনিট ট্রেন চলাচল বন্ধ থাকে এবং সড়কে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়।
সকাল থেকেই কুষ্টিয়া পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থীরা সকল ধরনের ক্লাস ও পরীক্ষা বর্জন করে ক্যাম্পাস থেকে বিক্ষোভ মিছিল বের করেন। মিছিলটি শহরের বিভিন্ন প্রধান সড়ক প্রদক্ষিণ করে গুরুত্বপূর্ণ মজমপুর গেট এলাকায় গিয়ে অবস্থান নেয়। আন্দোলনকারীরা সেখানে সড়ক ও রেলপথ অবরোধ করলে খুলনাগামী ‘সুন্দরবন এক্সপ্রেস’ ট্রেনটি আটকা পড়ে। এসময় শিক্ষার্থীরা ট্রেনের সামনে দাঁড়িয়ে বিভিন্ন স্লোগান দিয়ে প্রতিবাদ জানান।
আন্দোলনরত শিক্ষার্থীরা জানান, কারিগরি শিক্ষায় ডিপ্লোমা-ইন-ইঞ্জিনিয়ারিং সম্পন্ন করার পর দীর্ঘ চার বছরের বাস্তবমুখী প্রশিক্ষণের মাধ্যমে তারা যে দক্ষতা অর্জন করেন, তা উপেক্ষা করে বিএসসি ডিগ্রিধারীদের ১০ম গ্রেডে নিয়োগের সুযোগ দেওয়া অত্যন্ত বৈষম্যমূলক।
তারা অভিযোগ করেন, কারিগরি খাতের এই পদগুলো আগে শুধু ডিপ্লোমা প্রকৌশলীদের জন্য নির্ধারিত ছিল। হঠাৎ নীতিমালা পরিবর্তনের ফলে ডিপ্লোমা শিক্ষার্থীদের কর্মক্ষেত্র সংকুচিত হবে এবং কারিগরি শিক্ষার মর্যাদা ক্ষুণ্ন হবে।
অবরোধের কারণে কুষ্টিয়ার সাথে সারাদেশের রেল যোগাযোগ প্রায় আধা ঘণ্টা বিচ্ছিন্ন থাকে। এছাড়া কুষ্টিয়া-ঝিনাইদহ ও কুষ্টিয়া-রাজবাড়ী মহাসড়কের মোড়ে মজমপুর গেটে অবস্থান নেওয়ায় সড়কের দুই পাশে শত শত যানবাহন আটকা পড়ে তীব্র যানজটের সৃষ্টি হয়। এতে সাধারণ যাত্রীরা চরম দুর্ভোগে পড়েন। প্রায় এক ঘণ্টা পর শিক্ষার্থীরা অবরোধ তুলে নিলে ধীরে ধীরে যান চলাচল স্বাভাবিক হয়।
বিক্ষোভ কর্মসূচিতে কুষ্টিয়া পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষক ও সাধারণ শিক্ষার্থীরা একাত্মতা প্রকাশ করে অংশ নেন। দাবি আদায় না হলে ভবিষ্যতে আরও কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দিয়েছেন শিক্ষার্থীরা।
মানবকণ্ঠ/ডিআর




Comments