ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়ের মুন্সীগঞ্জের শ্রীনগর উপজেলার কেউটখালী এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে সড়ক বিভাজনের সাথে ধাক্কা লেগে দুই মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন।
মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) বেলা সোয়া ১১টার দিকে ঢাকামুখী লেনে এই দুর্ঘটনা ঘটে। নিহতদের মধ্যে একজনের নাম তৌফিক হাসান (২৫) বলে জানা গেছে। তাঁর বাড়ি ঢাকার সবুজবাগ এলাকায়। নিহত অপর আরোহীর পরিচয় এখনো নিশ্চিত হওয়া যায়নি।
হাইওয়ে পুলিশ ও ফায়ার সার্ভিস সূত্রে জানা যায়, তৌফিক ও তাঁর সঙ্গী মোটরসাইকেলযোগে এক্সপ্রেসওয়ে হয়ে ঢাকার দিকে যাচ্ছিলেন। পথে কেউটখালী এলাকায় পৌঁছালে দ্রুতগতির মোটরসাইকেলটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের মাঝখানে থাকা কংক্রিটের বিভাজনে সজোরে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই দুই আরোহীর মৃত্যু হয়।
এ বিষয়ে মুন্সীগঞ্জ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপসহকারী পরিচালক মুহাম্মদ সফিকুল ইসলাম বলেন, "খবর পেয়ে শ্রীনগর ফায়ার স্টেশনের কর্মীরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে মরদেহ দুটি উদ্ধার করেন। পরে আইনি প্রক্রিয়া শেষে মরদেহগুলো হাসাড়া হাইওয়ে পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।"
হাসাড়া হাইওয়ে থানার ইনচার্জ এটিএম মাহমুদুল হক ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, দুর্ঘটনা কবলিত মোটরসাইকেলটি উদ্ধার করে থানায় নেওয়া হয়েছে। নিহত একজনের পরিচয় পাওয়া গেলেও অন্যজনের পরিচয় শনাক্তের চেষ্টা চলছে। এ বিষয়ে পরবর্তী আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন।
মানবকণ্ঠ/ডিআর




Comments