Image description

অনশন করছেন গণঅধিকার পরিষদের ট্রাক প্রতীকের প্রার্থী তারিকুল ইসলাম ভূঁইয়া। ছবি: সংগৃহীত

ফেনী-২ আসনে প্রশাসনের পক্ষপাতিত্ব এবং সহকারী কমিশনার (ভূমি) জসিম উদ্দিনের বিরুদ্ধে হয়রানি ও হুমকির অভিযোগে অনশনে বসেছেন গণঅধিকার পরিষদের ট্রাক প্রতীকের প্রার্থী তারিকুল ইসলাম ভূঁইয়া। 

বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ৮টা থেকে তিনি ফেনী জেলা রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ের প্রধান ফটকের সামনে এই কর্মসূচি শুরু করেন।

অনশন চলাকালে তারেকুল ইসলাম ভূঁইয়া অভিযোগ করেন, নির্বাচনি এলাকায় আচরণবিধির চরম লঙ্ঘন হলেও প্রশাসন কোনো কার্যকর ব্যবস্থা নিচ্ছে না। উল্টো সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) জসিম উদ্দিন তাকে নানাভাবে হয়রানি ও হুমকি দিচ্ছেন। 

তিনি বলেন, ‘সদর এসিল্যান্ড আমার সঙ্গে অত্যন্ত খারাপ আচরণ করেছেন। রিটার্নিং কর্মকর্তার কাছে অভিযোগ দিয়েও কোনো ফল পাচ্ছি না। উল্টো নির্দিষ্ট একজন প্রার্থীর পক্ষে বিলবোর্ড ও রঙিন প্রচারণায় একতরফাভাবে সুযোগ দেওয়া হচ্ছে।’

অনশন কর্মসূচির কারণে সকালে রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ের প্রধান ফটক দিয়ে যানবাহন চলাচলে বিঘ্ন ঘটে। এতে কয়েকজন অতিরিক্ত জেলা প্রশাসকের গাড়ি আটকে গেলে তারা বিকল্প পথ ব্যবহার করে কার্যালয়ে প্রবেশ করেন। তারেকুল ইসলামের সঙ্গে এসময় তাঁর অল্প সংখ্যক দলীয় কর্মী উপস্থিত ছিলেন।

অনশনস্থল থেকে এই প্রার্থী হুঁশিয়ারি দিয়ে বলেন, আগামী ৮ ঘণ্টার মধ্যে অভিযুক্ত এসিল্যান্ড জসিম উদ্দিনকে প্রত্যাহার করা না হলে তিনি আরও কঠোর কর্মসূচি ঘোষণা করতে বাধ্য হবেন।

প্রতিবেদন লেখা পর্যন্ত তারেকুল ইসলাম ভূঁইয়া রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ের সামনে অবস্থান করছিলেন।

মানবকণ্ঠ/ডিআর