Image description

ফরিদপুর-৪ (সদরপুর-ভাঙ্গা ও চরভদ্রাসন) আসনের বিএনপি মনোনীত প্রার্থী ও জাতীয়তাবাদী কৃষক দলের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম বাবুল অভিযোগ করেছেন, ওই আসনের স্বতন্ত্র প্রার্থী মুজাহিদ বেগ (ফুটবল প্রতীক) সাবেক সংসদ সদস্য ও যুবলীগের প্রেসিডিয়াম সদস্য মজিবুর রহমান চৌধুরী নিক্সনের এজেন্ডা বাস্তবায়নে কাজ করছেন।

শুক্রবার (৬ ফেব্রুয়ারি) সকাল ১১টায় ফরিদপুরের সদরপুর উপজেলা বিএনপির নির্বাচনী কার্যালয়ে আয়োজিত এক জরুরি সংবাদ সম্মেলনে এসব অভিযোগ করেন তিনি।

সংবাদ সম্মেলনে শহিদুল ইসলাম বাবুল বলেন, স্বতন্ত্র প্রার্থী মুজাহিদ বেগ নির্বাচনকে প্রভাবিত করার উদ্দেশ্যে একটি বিশেষ মহলের নির্দেশনায় কাজ করছেন। তিনি দাবি করেন, ওই প্রার্থীর নারী কর্মীরা গ্রামে গ্রামে কালো টাকা বিতরণ করছেন। সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে এ সংক্রান্ত একটি ভিডিও ভাইরাল হয়েছে বলেও তিনি উল্লেখ করেন।

তিনি আরও বলেন, ওই প্রার্থী আমার বিরুদ্ধে একটি মিথ্যা অভিযোগ এনে সংবাদ সম্মেলনে করেন।

নির্বাচনের সুষ্ঠু পরিবেশ নষ্ট করতে পরিকল্পিতভাবে এসব কর্মকাণ্ড পরিচালনা করা হচ্ছে। এ বিষয়ে প্রশাসন ও নির্বাচন কমিশনের দৃষ্টি আকর্ষণ করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের দাবি জানান তিনি।