Image description

দুর্ঘটনাকবলিত অটোভ্যান। ছবি: সংগৃহীত

সিরাজগঞ্জের রায়গঞ্জে ঘাতক ট্রাক ও ব্যাটারিচালিত অটোভ্যানের মুখোমুখি সংঘর্ষে জালাল উদ্দিন ও মনোয়ারা বেগম নামের এক দম্পতি নিহত হয়েছেন। এ ঘটনায় অটোভ্যান চালকসহ আরও অন্তত চারজন গুরুতর আহত হয়েছেন। 

শুক্রবার (৬ ফেব্রুয়ারি) সকাল ৯টার দিকে উপজেলার ভূঁইয়াগাঁতী-নিমগাছী সড়কের খৈচালা এলাকায় এই দুর্ঘটনা ঘটে। নিহত জালাল উদ্দিন ও মনোয়ারা বেগম সিরাজগঞ্জের তাড়াশ উপজেলার দেশিগ্রাম ইউনিয়নের কুমারল্লু গ্রামের বাসিন্দা।

স্থানীয় সূত্রে জানা যায়, সকালে যাত্রীবাহী অটোভ্যানটি ভূঁইয়াগাঁতী থেকে নিমগাছীর দিকে যাচ্ছিল। পথিমধ্যে খৈচালা এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি দ্রুতগতির ট্রাকের সঙ্গে ভ্যানটির মুখোমুখি সংঘর্ষ হয়। এতে অটোভ্যানটি দুমড়ে-মুচড়ে যায় এবং ঘটনাস্থলেই ওই দম্পতির মৃত্যু হয়।

দুর্ঘটনায় গুরুতর আহত হয়েছেন অটোভ্যান চালক মগরিব আলী, মনোয়ারা খাতুন, আব্দুর রউফ ও আরও এক অজ্ঞাতনামা যাত্রী। স্থানীয়রা তাঁদের উদ্ধার করে দ্রুত রায়গঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। তবে আহতদের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় কয়েকজনকে উন্নত চিকিৎসার জন্য বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

রায়গঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম কিবরিয়া ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, "খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করেছে। দুর্ঘটনাকবলিত ট্রাক ও অটোভ্যানটি জব্দ করা হয়েছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।"

এদিকে, প্রিয়জনকে হারিয়ে নিহতদের পরিবারে চলছে শোকের মাতম। দুর্ঘটনার পর সড়কে যান চলাচল সাময়িক ব্যাহত হলেও বর্তমানে স্বাভাবিক রয়েছে। স্থানীয় বাসিন্দারা ওই সড়কে নিয়মিত দুর্ঘটনা রোধে স্পিড ব্রেকার স্থাপন ও ভারী যানবাহনের গতি নিয়ন্ত্রণের দাবি জানিয়েছেন।

মানবকণ্ঠ/ডিআর