আগামী ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিতব্য ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে খুলনা-১ (দাকোপ-বটিয়াঘাটা) আসনে বইছে নির্বাচনী হাওয়া। দুই উপজেলা ও একটি পৌরসভা নিয়ে গঠিত এই আসনে প্রার্থীরা এখন শেষ মুহূর্তের প্রচার-প্রচারণায় ব্যস্ত সময় পার করছেন। ১২ জন প্রার্থী এই আসনে প্রতিদ্বন্দ্বিতা করলেও নির্বাচনী মাঠের মূল লড়াই এখন বিএনপি ও জামায়াত প্রার্থীর মধ্যে সীমাবদ্ধ হয়ে পড়েছে।
নির্বাচনী এলাকা ঘুরে দেখা গেছে, ভোটারদের মন জয় করতে বিএনপি, জামায়াতে ইসলামী, ইসলামী আন্দোলন বাংলাদেশ ও জাতীয় পার্টিসহ বিভিন্ন দলের প্রার্থীরা বিরামহীন প্রচারণা চালাচ্ছেন। এই আসনে বড় একটি অংশ হিন্দু ভোটার হওয়ায় তাদের সমর্থন আদায়ে প্রার্থীরা দিচ্ছেন নানা উন্নয়নমূলক প্রতিশ্রুতি।
নির্বাচনী সমীকরণে আলোচনার কেন্দ্রে রয়েছেন দুই প্রধান প্রতিদ্বন্দ্বী—বিএনপি মনোনীত ধানের শীষ প্রতীকের প্রার্থী আমির এজাজ খান এবং জামায়াতে ইসলামীর হিন্দু প্রার্থী কৃষ্ণ নন্দী। ভোটের দিনক্ষণ যত ঘনিয়ে আসছে, সমীকরণ ততই পরিবর্তিত হচ্ছে। সচেতন মহলের ধারণা, এই আসনে সনাতন ধর্মাবলম্বী ভোটাররা যেদিকে ঝুঁকবেন, জয়ের পাল্লা সেদিকেই ভারী হবে।
এই আসনে অন্য প্রার্থীদের মধ্যে রয়েছেন জাতীয় পার্টির শেখ মো. জাহাঙ্গীর হোসেন, ইসলামী আন্দোলনের মাওলানা মো. আবু সাঈদ, সিপিবির কিশোর রায়, সম্মিলিত জাতীয় জোটের সুনীল শুভ্র রায় এবং স্বতন্ত্র প্রার্থী অচিন্ত্য কুমার মণ্ডল ও গোবিন্দ হালদারসহ মোট ১২ জন।
নির্বাচন অফিসের তথ্য অনুযায়ী, খুলনা-১ আসনে মোট ভোটার সংখ্যা ৩ লাখ ৭ হাজার ১০৩ জন। এর মধ্যে পুরুষ ভোটার ১ লাখ ৫২ হাজার ২৮৫ জন এবং নারী ভোটার ১ লাখ ৫৪ হাজার ৮১৪ জন। এছাড়া তৃতীয় লিঙ্গের ভোটার রয়েছেন ৪ জন। পোস্টাল ভোটের জন্য নিবন্ধিত হয়েছেন ২ হাজার ৮৬৬ জন ভোটার। পুরো আসনে মোট ১১৯টি ভোটকেন্দ্রে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।
সাধারণ ভোটারদের প্রত্যাশা, যিনিই নির্বাচিত হন না কেন, তিনি যেন এলাকার দীর্ঘদিনের সুপেয় পানি সংকট নিরসন, যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন, স্বাস্থ্যসেবার মানোন্নয়ন ও কর্মসংস্থান সৃষ্টিতে কাজ করেন। একইসঙ্গে দলমত নির্বিশেষে সবার নিরাপত্তা নিশ্চিত করার আহ্বান জানিয়েছেন স্থানীয় বাসিন্দারা।
মানবকণ্ঠ/ডিআর




Comments