‘হাতপাখায় ভোট দিলে ৩ বছরে লাখো মানুষের কর্মসংস্থান ব্যবস্থা করা হবে’
বরগুনা-২ আসনে ইসলামী আন্দোলন বাংলাদেশ মনোনীত হাতপাখা প্রতীকের প্রার্থী মুফতি মিজানুর রহমান কাসেমী বলেছেন, "আমরা ফাঁপা প্রতিশ্রুতিতে নয়, বরং কাজে বিশ্বাসী। হাতপাখা মার্কায় ভোট দিয়ে জয়যুক্ত করলে রাস্তাঘাটের ব্যাপক উন্নয়ন করা হবে। শিল্প-কারখানা গড়ে তুলে প্রথম তিন বছরেই ১ লক্ষ মানুষের কর্মসংস্থানের ব্যবস্থা করা হবে।"
রোববার (৮ ফেব্রুয়ারি) সন্ধ্যায় বেতাগী সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত এক বিশাল নির্বাচনী জনসভায় তিনি এসব কথা বলেন।
উপজেলা ইসলামী আন্দোলনের সভাপতি মাওলানা মো. ইউসুফ আলীর সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলনের কেন্দ্রীয় প্রশিক্ষণ সম্পাদক মাওলানা নুরুল করীম আকরাম। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বরগুনা জেলা ইসলামী আন্দোলনের উপদেষ্টা মাওলানা আব্দুল কাদের, জেলা সহ-সাধারণ সম্পাদক রেজাউল করীম আকন, ইসলামী যুব আন্দোলনের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক প্রভাষক মাওলানা মো. আল-আমিন এবং ইসলামী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় প্রশিক্ষণ সম্পাদক মো. আমীরুল ইসলাম।
প্রধান প্রার্থীর বক্তব্যে মিজানুর রহমান কাসেমী আরও বলেন, বরগুনার অবহেলিত জনপদকে একটি সমৃদ্ধ এলাকা হিসেবে গড়ে তোলা হবে। শিল্পায়নের মাধ্যমে বেকারত্ব দূর করাই হবে তাঁর মূল লক্ষ্য।
তিনি আশা প্রকাশ করেন, আগামী ১২ তারিখের নির্বাচনে বরগুনা-২ আসনে বিপুল ভোটের ব্যবধানে হাতপাখার বিজয় নিশ্চিত হবে।
উপজেলা ইসলামী আন্দোলনের সাধারণ সম্পাদক মাওলানা সৈয়দ আলাউদ্দীন ও সহ-সভাপতি প্রভাষক আ. হাই নেছারির সঞ্চালনায় সভায় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন পৌর ইসলামী আন্দোলনের সভাপতি মনিরুজ্জামান মানিকসহ স্থানীয় ও কেন্দ্রীয় নেতৃবৃন্দ।
মানবকণ্ঠ/ডিআর




Comments