Image description

চট্টগ্রামের সাতকানিয়ায় দক্ষিণ জেলা ছাত্রদল নেতা ফিরোজের বাড়িতে বিশেষ অভিযান চালিয়ে একটি দেশীয় অস্ত্র উদ্ধার করেছে যৌথ বাহিনী। এ সময় ফিরোজের দুই ভাইকে আটক করা হয়েছে। 

রোববার (৮ ফেব্রুয়ারি) উপজেলার কাঞ্চনা ইউনিয়নের ১নং ওয়ার্ডের একরাম চৌধুরী বাড়ি এলাকায় এই অভিযান পরিচালিত হয়। আটককৃতরা হলেন- দক্ষিণ জেলা ছাত্রদল নেতা ফিরোজের দুই ভাই জোবায়ের ও মুফিজুর রহমান।

স্থানীয় ও সেনাবাহিনী সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে সেনাবাহিনীর একটি চৌকস দল ছাত্রদল নেতা ফিরোজের বাড়িতে তল্লাশি চালায়। অভিযানে একটি দেশীয় তৈরি অস্ত্র উদ্ধার করা হয় এবং বাড়িতে অবস্থানরত ফিরোজের দুই ভাইকে আটক করে নিয়ে আসা হয়।

এই ঘটনাকে কেন্দ্র করে এলাকায় রাজনৈতিক উত্তেজনা বিরাজ করছে। স্থানীয় জামায়াত নেতাদের দাবি, বিএনপি ও ছাত্রদলের কতিপয় নেতা এলাকায় ত্রাসের রাজত্ব কায়েমের চেষ্টা করছে। তারা নির্বাচনের আগে কাঞ্চনা ইউনিয়নকে সন্ত্রাসের অভয়ারণ্য বানাতে অস্ত্র ও টাকার প্রভাব ছড়াচ্ছে। 

অন্যদিকে, স্থানীয় বিএনপি নেতারা এই অভিযোগ অস্বীকার করে পুরো ঘটনাকে ‘মিথ্যাচার’ ও রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত বলে দাবি করেছেন।

আটককৃতদের মধ্যে জোবায়েরের আচরণ নিয়ে এলাকায় মিশ্র প্রতিক্রিয়া থাকলেও মুফিজুর রহমান স্থানীয়ভাবে ‘শান্ত স্বভাবের’ ছেলে হিসেবে পরিচিত বলে এলাকাবাসী জানিয়েছেন।

সাতকানিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনজুরুল হক অভিযানের বিষয়টি নিশ্চিত করে জানান, যৌথ বাহিনীর অভিযানে একটি দেশীয় অস্ত্রসহ দুইজনকে আটক করা হয়েছে। আটককৃতদের বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে মামলা দায়েরসহ পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।

মানবকণ্ঠ/ডিআর