Image description

জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে টানা চারদিনের ছুটিতে নাড়ির টানে বাড়ি ফিরতে শুরু করেছে মানুষ। অতিরিক্ত যানবাহনের চাপে ঢাকা-টাঙ্গাইল-বঙ্গবন্ধু সেতু মহাসড়কের উত্তরবঙ্গগামী লেনে প্রায় ১০ কিলোমিটার এলাকা জুড়ে সৃষ্টি হয়েছে থেমে থেমে যানজট।

মঙ্গলবার (১০ ফেব্রুয়ারি) দুপুর থেকে মহাসড়কের এলেঙ্গা থেকে টাঙ্গাইল সদর উপজেলার শিবপুর পর্যন্ত এই স্থবিরতা দেখা দেয়।

ভুক্তভোগী যাত্রীরা জানান, নির্বাচনের ছুটিতে উত্তরবঙ্গসহ আশপাশের ২৩ জেলার মানুষ একসাথে বাড়ির উদ্দেশ্যে রওনা হওয়ায় মহাসড়কে যানবাহনের প্রচণ্ড চাপ তৈরি হয়েছে। এই পরিস্থিতির সুযোগ নিয়ে গণপরিবহনগুলোতে দ্বিগুণ-তিনগুণ ভাড়া আদায়ের অভিযোগ উঠেছে। ঘণ্টার পর ঘণ্টা যানজটে আটকে থেকে শিশু ও বৃদ্ধসহ সাধারণ যাত্রীরা চরম ভোগান্তির শিকার হচ্ছেন।

মহাসড়কে যানজট নিরসনে বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্টে পুলিশ সদস্যদের তৎপরতা চালাতে দেখা গেছে। জেলা পুলিশ ও হাইওয়ে পুলিশ যান চলাচল স্বাভাবিক রাখতে আপ্রাণ চেষ্টা চালিয়ে যাচ্ছে।

এলেঙ্গা হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ মো. শরিফ ঘটনার সত্যতা নিশ্চিত করে ‘মানবকণ্ঠ’কে বলেন, “নির্বাচনের ছুটিতে ঘরমুখী মানুষের চাপ বাড়ায় দুপুরের পর থেকে মহাসড়কে যানবাহনের সংখ্যা অনেক বৃদ্ধি পেয়েছে। এর ফলে এলেঙ্গা থেকে শিবপুর পর্যন্ত প্রায় ১০ কিলোমিটার এলাকায় থেমে থেমে যানজট হচ্ছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আমাদের টিম নিরলসভাবে কাজ করছে। আশা করছি দ্রুতই যান চলাচল স্বাভাবিক হবে।”

মানবকণ্ঠ/ডিআর