হোসেনপুরে জাল ভোট দেওয়ার অভিযোগে যুবকের ২ বছরের কারাদণ্ড
কিশোরগঞ্জের হোসেনপুরে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে জাল ভোট দেওয়ার অভিযোগে ইমরান হোসাইন (২১) নামের এক যুবককে দুই বছরের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। একই সাথে তাকে ১০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়, যা অনাদায়ে তাকে আরও এক মাসের বিনাশ্রম কারাভোগ করতে হবে।
বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ১১টার দিকে উপজেলার জিনারী ইউনিয়নের পিপলাকান্দি উচ্চ বিদ্যালয় কেন্দ্রে এই দণ্ডাদেশ প্রদান করা হয়। দণ্ডপ্রাপ্ত ইমরান হোসেন উপজেলার পিপলাকান্দি গ্রামের আবুল হাশেমের ছেলে।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, ভোটগ্রহণ চলাকালে ইমরান তার পছন্দের প্রার্থীর পক্ষে অন্যের ভোট (জাল ভোট) দেওয়ার চেষ্টা করেন। তার আচরণ সন্দেহজনক মনে হলে দায়িত্বরত কর্মকর্তারা তাকে হাতে-নাতে আটক করেন এবং পরে পুলিশে সোপর্দ করা হয়।
পরবর্তীতে হোসেনপুর উপজেলায় নির্বাচনী দায়িত্বে থাকা যুগ্ম জেলা ও দায়রা জজ কাউছার আলম ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে তাৎক্ষণিক শুনানি শেষে এই সাজা প্রদান করেন। বিচারক জানান, নির্বাচনী প্রক্রিয়ায় যেকোনো ধরনের জালিয়াতি ও অনিয়মের বিরুদ্ধে প্রশাসনের অবস্থান অত্যন্ত কঠোর।
স্থানীয় প্রশাসন জানিয়েছে, সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশে ভোটগ্রহণ নিশ্চিত করতে আইনশৃঙ্খলা বাহিনী ও ভ্রাম্যমাণ আদালত মাঠে সক্রিয় রয়েছে। নির্বাচনী পরিবেশ বিনষ্টের যেকোনো চেষ্টা কঠোর হস্তে দমন করা হবে বলেও হুশিয়ারি দেওয়া হয়েছে।
মানবকণ্ঠ/ডিআর




Comments