Image description

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন শেষ হতে না হতেই সাভারের আশুলিয়ায় যাত্রীবাহী পরিবহনে চাঁদাবাজির অভিযোগ উঠেছে। এ সময় উত্তেজিত জনতা একজনকে ধরে গণপিটুনি দেয়, যার ভিডিও ফুটেজ সামাজিক যোগাযোগমাধ্যমে দ্রুত ছড়িয়ে পড়েছে।

শুক্রবার (১৩ ফেব্রুয়ারি) সন্ধ্যায় বাইপাইল-আবদুল্লাহপুর সড়কে চলাচলকারী কয়েকটি বাস থেকে জোরপূর্বক চাঁদা নেওয়ার সময় স্থানীয় জনতার বাধার মুখে পড়ে অভিযুক্তরা।

প্রত্যক্ষদর্শী ও ভুক্তভোগীরা জানান, কয়েকজন যুবক নিজেদের রাজনৈতিক দলের কর্মী পরিচয় দিয়ে সড়কে চলাচলকারী বাস থামিয়ে চাঁদা দাবি করছিল। বিশেষ করে তারা বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) কর্মী হিসেবে পরিচয় দেয় বলে অভিযোগ ওঠে। সোহাগ পরিবহনের একটি বাস থেকে টাকা নেওয়ার সময় চালক ও হেলপার প্রতিবাদ করলে বাগ্‌বিতণ্ডা শুরু হয়। একপর্যায়ে বাসের যাত্রীরাও নেমে এসে তাদের ধাওয়া দেন। এ সময় অভিযুক্তদের কয়েকজন পালিয়ে গেলেও একজনকে ধরে ফেলে বিক্ষুব্ধ জনতা।

খবর পেয়ে আশুলিয়া থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। তবে পুলিশের পৌঁছানোর আগেই অভিযুক্তরা সটকে পড়ায় কাউকে তাৎক্ষণিক আটক করা সম্ভব হয়নি।

আশুলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রুবেল হাওলাদার রাতে গণমাধ্যমকে জানান, ‘বাইপাইল-আবদুল্লাহপুর সড়কে চাঁদাবাজির খবর পাওয়ার পরপরই পুলিশ পাঠানো হয়েছে। বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। আমরা ভাইরাল হওয়া ভিডিও ফুটেজ সংগ্রহ করেছি এবং তা বিশ্লেষণ করে জড়িতদের শনাক্ত করার চেষ্টা চলছে।’

তিনি আরও জানান, স্থানীয় বিএনপি নেতাদের সঙ্গে যোগাযোগ করা হলে তারা ওই যুবকদের চেনেন না বলে দাবি করেছেন। এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে এবং অপরাধীদের আইনের আওতায় আনতে পুলিশের তৎপরতা অব্যাহত রয়েছে।

মানবকণ্ঠ/ডিআর