গুরুদাসপুরে নির্বাচন পরবর্তী সহিংসতায় জামায়াতের ৩ কর্মী আহত
নাটোরের গুরুদাসপুরে নির্বাচন-পরবর্তী সহিংসতার পৃথক ঘটনায় জামায়াতে ইসলামীর তিন কর্মী আহত হয়েছেন। শনিবার (১৪ ফেব্রুয়ারি) দুপুরে উপজেলার ধারাবারিষা ইউনিয়নে এই হামলার ঘটনাগুলো ঘটে।
আহতদের উদ্ধার করে গুরুদাসপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। এ ঘটনায় ভুক্তভোগী পরিবারের পক্ষ থেকে থানায় লিখিত অভিযোগ দেওয়া হয়েছে।
স্থানীয় সূত্রে জানা যায়, শনিবার দুপুরে ধারাবারিষা ইউনিয়নের ওয়ার্ড জামায়াতের সভাপতি রাজেদুল ইসলাম বিন্যাবাড়ি বাজারে ওমর ফারুকের ওয়ার্কশপে বসে ছিলেন। এ সময় ১০-১২ জনের একদল দুর্বৃত্ত সেখানে প্রবেশ করে তাদের ওপর অতর্কিত হামলা চালায়। হামলাকারীরা মোটরসাইকেল ভাঙচুর করে এবং তাদের কাছ থেকে মোবাইল ফোন ছিনিয়ে নেয়। এতে রাজেদুল ও ওমর ফারুক গুরুতর আহত হন।
অপর এক ঘটনায়, একই ইউনিয়নের দক্ষিণ নারিবাড়ী গ্রামের জামায়াত কর্মী সাইদুল ইসলাম বেলা ২টার দিকে জাদুর মোড়ে চায়ের দোকানে হামলার শিকার হন।
আহত সাইদুল জানান, তিনি নির্বাচনে জামায়াত প্রার্থীর পক্ষে প্রচারণার কাজ করেছিলেন, এই জেরে তার ওপর হামলা চালানো হয়েছে। এ ঘটনায় সাইদুলের ছেলে শাহিন আলম বাদী হয়ে থানায় অভিযোগ দিয়েছেন।
উপজেলা জামায়াতের আমীর আব্দুল আলিম এই ঘটনাকে অত্যন্ত দুঃখজনক বলে অভিহিত করেছেন। তিনি হামলা বন্ধে নবনির্বাচিত সংসদ সদস্য মো. আব্দুল আজিজ ও তার নেতা-কর্মীদের প্রতি অনুরোধ জানিয়েছেন।
এদিকে, নবনির্বাচিত সংসদ সদস্য আব্দুল আজিজ সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে এক বার্তায় তার নেতা-কর্মী ও সমর্থকদের শান্ত থাকার আহ্বান জানিয়েছেন।
তিনি হুঁশিয়ারি দিয়ে বলেন, কেউ যদি শান্তি-শৃঙ্খলা বিঘ্নিত করে বা দলীয় নির্দেশনা অমান্য করে, তবে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।
গুরুদাসপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) শফিকুজ্জামান সরকার জানান, খবর পাওয়ার পরপরই ঘটনাস্থলে পুলিশ পাঠিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা হয়েছে। বিষয়টি গুরুত্বের সাথে তদন্ত করা হচ্ছে এবং জড়িতদের দ্রুত আইনের আওতায় আনা হবে।
মানবকণ্ঠ/ডিআর




Comments