টাঙ্গাইলের ভূঞাপুরে জামায়াত ইসলামীর নির্বাচনি কার্যালয় পুড়িয়ে দেওয়ার অভিযোগে গাবসারা ইউনিয়নের ২নং ওয়ার্ড বিএনপির সাংগঠনিক কার্যক্রম স্থগিত করা হয়েছে। একইসঙ্গে ঘটনার সুষ্ঠু তদন্তে তিন সদস্যবিশিষ্ট একটি কমিটি গঠন করেছে উপজেলা বিএনপি।
রোববার (১৫ ফেব্রুয়ারি) রাতে ভূঞাপুর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক সেলিমুজ্জামান তালুকদার সেলু স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এই সিদ্ধান্তের কথা জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, উপজেলার গাবসারা ইউনিয়নের ২নং ওয়ার্ডের মেঘার পটল গ্রামে রাজনৈতিক হীন উদ্দেশ্যে একটি উদ্ভূত পরিস্থিতির সৃষ্টি করা হয়েছে। বিভিন্ন মাধ্যমে পাওয়া প্রাথমিক তথ্য-প্রমাণের ভিত্তিতে ঘটনার সঙ্গে দলীয় নেতাকর্মীদের জড়িত থাকার আভাস পাওয়ায় ২নং ওয়ার্ড বিএনপির সব সাংগঠনিক কার্যক্রম স্থগিত করা হলো। এছাড়া উপজেলা বিএনপির সহসভাপতি এস এম ফরহাদুল ইসলাম শাপলাকে আহ্বায়ক করে ৩ সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। তদন্তে কেউ দোষী সাব্যস্ত হলে তার বিরুদ্ধে কঠোর সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে।
উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক সেলিমুজ্জামান তালুকদার সেলু বলেন, ‘প্রাথমিকভাবে আমাদের ধারণা হচ্ছে, ঘটনার সঙ্গে দলের কিছু নেতাকর্মী সম্পৃক্ত থাকতে পারেন। এ কারণেই তাৎক্ষণিকভাবে কমিটি স্থগিতের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আমরা কোনো ধরনের বিশৃঙ্খলা বা অপরাধকে প্রশ্রয় দেব না।’
উল্লেখ্য, গত শনিবার (১৪ ফেব্রুয়ারি) বিকেল সাড়ে ৫টার দিকে গাবসারা ইউনিয়নের মেঘারপটল গ্রামে জামায়াতে ইসলামীর একটি নির্বাচনি অফিসে আগুন দেওয়ার ঘটনা ঘটে। অভিযোগ ওঠে, ওয়ার্ড বিএনপির সভাপতি কাজলের নেতৃত্বে ১০-১৫ জন নেতাকর্মী পেট্রোল ঢেলে অফিসটি পুড়িয়ে দেন। এ নিয়ে এলাকায় উত্তেজনা ও রাজনৈতিক মহলে ব্যাপক আলোচনা শুরু হলে বিএনপি এই কড়া ব্যবস্থা গ্রহণ করল।
মানবকণ্ঠ/ডিআর




Comments