ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়ের মুন্সীগঞ্জের শ্রীনগরে দাঁড়িয়ে থাকা একটি বিকল ট্রাকের পেছনে চলন্ত আরেকটি ট্রাকের ধাক্কায় একজন নিহত হয়েছেন। এই দুর্ঘটনায় গুরুতর আহত হয়েছেন আরও একজন।
বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি) ভোরে শ্রীনগর ফেরিঘাট আন্ডারপাস সংলগ্ন এলাকায় এই দুর্ঘটনা ঘটে।
ফায়ার সার্ভিস ও স্থানীয় সূত্রে জানা গেছে, সকাল ৬টার দিকে এক্সপ্রেসওয়ের মাওয়ামুখী লেনে একটি ট্রাক যান্ত্রিক ত্রুটির কারণে দাঁড়িয়ে ছিল। এ সময় মাওয়াগামী অন্য একটি দ্রুতগতির ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে দাঁড়িয়ে থাকা ট্রাকটির পেছনে সজোরে ধাক্কা দেয়। এতে পেছনের ট্রাকটির সামনের অংশ দুমড়ে-মুচড়ে যায় এবং এর হেলপার কেবিনের ভেতরে আটকা পড়েন। এছাড়া সামনের ট্রাকের হেলপার ছিটকে পড়ে আহত হন।
খবর পেয়ে শ্রীনগর ফায়ার স্টেশনের কর্মীরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে হাইড্রোলিক ইকুইপমেন্ট ব্যবহার করে কেবিনে আটকা পড়া ব্যক্তিকে উদ্ধার করেন। পরে তাঁদের শ্রীনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক একজনকে মৃত ঘোষণা করেন।
নিহত শওকত বেপারী (২৩) শরীয়তপুরের জাজিরা উপজেলার কাজিরহাট এলাকার দবির বেপারীর ছেলে। অন্যদিকে, দুর্ঘটনায় গুরুতর আহত ইমরান মন্ডলকে (২৪) প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় প্রেরণ করা হয়েছে। তিনি সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলার মোড়দহ গ্রামের বাসিন্দা।
শ্রীনগর ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার দেওয়ান আজাদ হোসেন জানান, দুর্ঘটনার পর এক্সপ্রেসওয়ের ওই লেনে কিছুক্ষণ যান চলাচল ব্যাহত হলেও পুলিশ ও ফায়ার সার্ভিসের সহায়তায় দুর্ঘটনাকবলিত ট্রাক দুটি সরিয়ে নিলে পরিস্থিতি স্বাভাবিক হয়।
মানবকণ্ঠ/ডিআর




Comments