চুয়াডাঙ্গার জীবননগর উপজেলার উথলী ফার্মগেটের কাছে রেললাইনের একটি অংশ ভেঙে ছিটকে পড়েছে। শুক্রবার (২০ ফেব্রুয়ারি) সকালে রেললাইনের প্রায় ৬ ইঞ্চি অংশ ভেঙে যাওয়ার ফলে ঝুঁকিপূর্ণ অবস্থায় ট্রেন চলাচল করছে। এতে যেকোনো সময় বড় ধরনের দুর্ঘটনার আশঙ্কা দেখা দিয়েছে।
স্থানীয় সূত্রে জানা যায়, সকাল পৌনে ১০টার দিকে খুলনা থেকে ছেড়ে আসা 'রূপসা এক্সপ্রেস' ট্রেনটি উথলী ফার্মগেট এলাকা অতিক্রম করার সময় বিকট শব্দে রেললাইনের ৬ ইঞ্চি পরিমাণ অংশ ভেঙে দূরে ছিটকে পড়ে। বিষয়টি তাৎক্ষণিকভাবে কর্তব্যরত গেইটম্যানরা ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করেন।
গেইটম্যান অচিন্ত্য সাহা ও মনিস কুমার শর্মা জানান, রূপসা এক্সপ্রেস যাওয়ার পরপরই তারা লাইনের ভাঙা অংশটি দেখতে পান। বিষয়টি দ্রুত রেলওয়ের প্রকৌশল বিভাগকে জানানো হয়।
খবর পেয়ে দুপুর সাড়ে ১২টার দিকে মোবারকগঞ্জ প্রকৌশলী বিভাগ থেকে উপ-সহকারী প্রকৌশলী মো. সাইফুল ইসলামের নেতৃত্বে ৪ সদস্যের একটি কারিগরি দল ঘটনাস্থলে পৌঁছে মেরামত কাজ শুরু করেছে।
রেলওয়ে কর্তৃপক্ষ জানায়, দ্রুততম সময়ের মধ্যে লাইনটি পুরোপুরি সচল করার চেষ্টা চলছে। তবে মেরামত শেষ না হওয়া পর্যন্ত ওই স্থান দিয়ে ট্রেন চলাচলে সতর্কতা অবলম্বন করা হচ্ছে।
মানবকণ্ঠ/ডিআর




Comments