Image description

হবিগঞ্জের মাধবপুর সীমান্তে বিশেষ অভিযান চালিয়ে ৭৩ কেজি ভারতীয় গাঁজা জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। শুক্রবার (২০ ফেব্রুয়ারি) ভোরে উপজেলার তেলিয়াপাড়া বিওপির আওতাধীন বান্ডারুয়া এলাকায় এই অভিযান চালানো হয়। জব্দকৃত মাদকের আনুমানিক বাজারমূল্য ২ লাখ ৫৫ হাজার ৫০০ টাকা।

বিজিবি সূত্রে জানা যায়, সীমান্ত নিরাপত্তা জোরদার ও মাদক পাচার প্রতিরোধে নিয়মিত অভিযানের অংশ হিসেবে ৫৫ বিজিবি ব্যাটালিয়নের একটি টহল দল তেলিয়াপাড়া সীমান্তে অবস্থান নেয়। ভোরে কয়েকজন চোরাকারবারিকে ভারত সীমান্ত থেকে বস্তাভর্তি মালামাল নিয়ে আসতে দেখে বিজিবি সদস্যরা তাদের চ্যালেঞ্জ করেন। বিজিবির উপস্থিতি টের পেয়ে এবং ধাওয়া খেয়ে পাচারকারীরা মালামালের বস্তাগুলো ফেলে দ্রুত গভীর জঙ্গলে পালিয়ে যায়।

পরবর্তীতে বিজিবি সদস্যরা পরিত্যক্ত বস্তাগুলো তল্লাশি করে মোট ৭৩ কেজি ভারতীয় গাঁজা উদ্ধার করেন। তবে এ ঘটনায় কাউকে আটক করা সম্ভব হয়নি।

৫৫ বিজিবি ব্যাটালিয়ন জানায়, সীমান্ত এলাকায় মাদক ও চোরাচালান বন্ধে বিজিবির এই কঠোর অবস্থান ও নিয়মিত অভিযান অব্যাহত থাকবে। জব্দকৃত গাঁজা বিধি মোতাবেক ধ্বংস করার জন্য সংশ্লিষ্ট দপ্তরে জমা দেওয়া হয়েছে।

মানবকণ্ঠ/ডিআর