খুলনা-২ আসনের সাবেক সংসদ সদস্য ও খুলনা মহানগর বিএনপির সাবেক সভাপতি নজরুল ইসলাম মঞ্জুকে খুলনা সিটি কর্পোরেশনের (কেসিসি) প্রশাসক হিসেবে নিয়োগ দিয়েছে সরকার। গত ২২ ফেব্রুয়ারি স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের স্থানীয় সরকার বিভাগ থেকে এ সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করা হয়েছে।
মন্ত্রণালয়ের যুগ্ম সচিব মাহাবুবা আইরিন স্বাক্ষরিত ওই প্রজ্ঞাপনে জানানো হয়, ‘স্থানীয় সরকার (সিটি কর্পোরেশন) (সংশোধন) অধ্যাদেশ, ২০২৪’ এর ধারা ২৫ক-এর উপধারা (১) অনুযায়ী পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত নজরুল ইসলাম মঞ্জুকে কেসিসি’র পূর্ণকালীন প্রশাসক হিসেবে নিয়োগ প্রদান করা হলো। তিনি আইন অনুযায়ী মেয়রের যাবতীয় ক্ষমতা প্রয়োগ ও দায়িত্ব পালন করবেন এবং বিধি মোতাবেক ভাতা ও সুযোগ-সুবিধা প্রাপ্য হবেন।
একই প্রজ্ঞাপনে দেশের আরও পাঁচটি সিটি কর্পোরেশনে নতুন প্রশাসক নিয়োগ দেওয়া হয়েছে। তারা হলেন— ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনে মো. আব্দুস সালাম, ঢাকা উত্তর সিটি কর্পোরেশনে মো. শফিকুল ইসলাম খান, সিলেট সিটি কর্পোরেশনে আব্দুল কাইয়ুম চৌধুরী, নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনে মো. সাখাওয়াত হোসেন খান এবং গাজীপুর সিটি কর্পোরেশনে মো. শওকত হোসেন সরকার।
উল্লেখ্য, প্রবীণ রাজনীতিবিদ নজরুল ইসলাম মঞ্জু দীর্ঘদিন খুলনা মহানগর বিএনপির সভাপতি এবং কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদকের (খুলনা বিভাগ) দায়িত্ব পালন করেছেন। গত ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে তিনি খুলনা-২ আসন থেকে বিএনপির প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করেন। ওই নির্বাচনে অত্যন্ত প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ লড়াইয়ে বাংলাদেশ জামায়াতে ইসলামীর প্রার্থী অ্যাডভোকেট শেখ জাহাঙ্গীর হোসাইন হেলালের কাছে সামান্য ভোটের ব্যবধানে পরাজিত হন তিনি।
নতুন দায়িত্ব পাওয়ার পর নজরুল ইসলাম মঞ্জু খুলনার নাগরিক সেবা নিশ্চিত করতে এবং সিটি কর্পোরেশনের স্থবিরতা কাটাতে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেছেন।
মানবকণ্ঠ/ডিআর




Comments