ঝালকাঠির কাঁঠালিয়ায় মাদকবিরোধী অভিযানকালে এক ইয়াবা কারবারির কামড়ে পুলিশের এক সহকারী উপ-পরিদর্শক (এএসআই) আহত হয়েছেন। এসময় ৮ পিস ইয়াবাসহ সুজন হাওলাদার (৩০) নামে ওই যুবককে আটক করেছে পুলিশ।
মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) দুপুরে উপজেলার চেঁচরীরামপুর ইউনিয়নের সোহরাব মাস্টারের বাড়ির সামনে এ ঘটনা ঘটে। আটক সুজন ওই ইউনিয়নের মো. সোবাহান হাওলাদারের ছেলে।
পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে কাঁঠালিয়া থানার এএসআই রতন চন্দ্র হালদারের নেতৃত্বে পুলিশের একটি দল ওই এলাকায় অভিযান চালায়। অভিযান চলাকালে সুজনকে ৮ পিস ইয়াবাসহ হাতেনাতে ধরে ফেলে পুলিশ। এসময় সুজন পালানোর চেষ্টা করে এবং এএসআই রতনের হাতে সজোরে কামড় দেয়। এতে ওই পুলিশ কর্মকর্তা আহত হন।
কাঁঠালিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবু নাছের রায়হান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, দক্ষিণ চেঁচরী এলাকা থেকে ইয়াবাসহ সুজনকে আটক করা হয়েছে। তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে। আহত পুলিশ কর্মকর্তাকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।
মানবকণ্ঠ/ডিআর




Comments