দিনাজপুরের ফুলবাড়ী উপজেলায় সড়ক দুর্ঘটনায় ভ্যানচালকসহ দুইজন নিহত হয়েছেন। বুধবার (২৫ ফেব্রুয়ারি) সকালে ফুলবাড়ী উপজেলার ফুলবাড়ী-দিনাজপুর মহাসড়কের রাঙ্গামাটি বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে। আহত হয়েছেন আরও একজন।
নিহতরা হলেন—আলাদীপুর এলাকার ভ্যানচালক আইনুল সরকার (৫৫) এবং বারাইগ্রাম এলাকার বাসিন্দা রুমা খাতুন (২৬)। আহত ব্যক্তিকে উদ্ধার করে ফুলবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
পুলিশ জানায়, সকালে একটি ভ্যান মহাসড়ক পার হওয়ার সময় দ্রুতগতির একটি ট্রাকের সঙ্গে সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই দুজনের মৃত্যু হয়। স্থানীয়রা আহত ব্যক্তিকে উদ্ধার করে হাসপাতালে পাঠান।
ঘটনার সত্যতা নিশ্চিত করে ফুলবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সিদ্দিকুর রহমান জানান, দুর্ঘটনার পর ঘাতক ট্রাকটি আটক করা হয়েছে। এ ঘটনায় আইনগত প্রক্রিয়া চলছে।
মানবকণ্ঠ/আরআই




Comments