Image description

রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন এলাকায় ভূমিকম্প অনুভূত হয়েছে। শুক্রবার (২৭ ফেব্রুয়ারি) জুমার নামাজের পরপরই দুপুর ১টা ৫২ মিনিটে এই কম্পন অনুভূত হয়। এতে আতঙ্কিত হয়ে অনেক স্থানে সাধারণ মানুষ বাসাবাড়ি ও বহুতল ভবন থেকে রাস্তায় বেরিয়ে আসেন।

ইউরোপীয়-ভূমধ্যসাগরীয় ভূমিকম্প কেন্দ্রের (ইএমএসসি) তথ্য অনুযায়ী, রিখটার স্কেলে এই ভূমিকম্পের মাত্রা ছিল ৫.৫। 

সংস্থাটি জানিয়েছে, ভূমিকম্পটির উৎপত্তিস্থল ছিল খুলনা জেলা শহর থেকে ৪৭ কিলোমিটার দক্ষিণ-পশ্চিমে এবং সাতক্ষীরা থেকে ২৭ কিলোমিটার দক্ষিণ-পূর্বে। এর গভীরতা ছিল ভূপৃষ্ঠ থেকে ৩৫ কিলোমিটার।

এর আগে গত বুধবার রাতে ৫.১ মাত্রার এবং গতকাল বৃহস্পতিবার দুপুরে ৪.৬ মাত্রার দুটি পৃথক ভূমিকম্পে কেঁপে উঠেছিল দেশ। ১৩ ঘণ্টার ব্যবধানে পর পর দুটি কম্পনের পর আজ জুমার পরপরই আবারও বড় মাত্রার এই ভূমিকম্পে জনমনে বড় ধরনের দুর্যোগের আতঙ্ক তৈরি হয়েছে।

জুমার নামাজের পর হওয়া এই ভূমিকম্পের উৎপত্তিস্থল ঢাকা থেকে প্রায় ২৮০ কিলোমিটার উত্তর-পূর্বে অবস্থিত। প্রাথমিক প্রতিবেদন অনুযায়ী, ঢাকা ছাড়াও সিলেট, ময়মনসিংহ ও চট্টগ্রাম বিভাগের জেলাগুলোতে এই কম্পন তীব্রভাবে অনুভূত হয়েছে।

তাৎক্ষণিকভাবে দেশের কোথাও বড় ধরনের কোনো ক্ষয়ক্ষতি বা প্রাণহানির খবর পাওয়া যায়নি।