Image description

রাজশাহীর তানোরে শখের মোবাইল ফোন কিনে না দেওয়ায় পরিবারের ওপর অভিমান করে ৩০ ফুট উঁচু পল্লী বিদ্যুতের খুঁটিতে উঠে পড়ে সুমন হোসেন (১৫) নামে এক কিশোর। 

শুক্রবার (২৭ ফেব্রুয়ারি) সকালে তানোর উপজেলার পাঁচন্দর ইউনিয়নের চিমনা গ্রামে এই চাঞ্চল্যকর ঘটনা ঘটে। পরে ফায়ার সার্ভিসের সদস্যরা গিয়ে তাকে উদ্ধার করে। সুমন হোসেন ওই গ্রামের মাহাতাব হোসেনের ছেলে। সে জন্মগতভাবে বাকপ্রতিবন্ধী।

পারিবারিক সূত্রে জানা গেছে, সুমন বেশ কিছুদিন ধরে একটি মোবাইল ফোন কিনে দেওয়ার জন্য তার বাবার কাছে আবদার করে আসছিল। গরিব বাবা ‘আজ দেব, কাল দেব’ বলে সময় নিচ্ছিলেন। শুক্রবার সকালে আবারও মোবাইলের দাবি তোলে সুমন। কিন্তু দাবিপূরণ না হওয়ায় পরিবারের সদস্যদের অগোচরে বাড়ি থেকে বেরিয়ে গ্রামের একটি বৈদ্যুতিক খুঁটিতে উঠে পড়ে সে।

স্থানীয়রা জানান, কিশোরকে খুঁটির চূড়ায় বসে থাকতে দেখে দ্রুত পল্লী বিদ্যুৎ অফিসে খবর দেওয়া হয়। দুর্ঘটনা এড়াতে তাৎক্ষণিকভাবে ওই এলাকার বিদ্যুৎ সরবরাহ বন্ধ করে দেয় কর্তৃপক্ষ। খবর পেয়ে পরিবারের সদস্যরা ও স্থানীয়রা সুমনকে নিচে নামিয়ে আনার আপ্রাণ চেষ্টা করে ব্যর্থ হন। প্রায় দুই ঘণ্টা পার হওয়ার পর তানোর ফায়ার সার্ভিস স্টেশনে খবর দেওয়া হয়।

তানোর ফায়ার স্টেশনের ইনচার্জ আব্দুল রউফ জানান, খবর পেয়ে একটি উদ্ধারকারী দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছায়। কিশোরটি বাকপ্রতিবন্ধী হওয়ায় তাকে বোঝাতে বেশ বেগ পেতে হয়। পরে ইশারায় তাকে ‘মোবাইল কিনে দেওয়ার’ প্রতিশ্রুতি দিলে সে শান্ত হয় এবং ফায়ার সার্ভিস কর্মীদের সহযোগিতায় নিচে নেমে আসে। কিশোরটি বর্তমানে সুস্থ ও অক্ষত রয়েছে।

মানবকণ্ঠ/ডিআর