ঝিনাইদহের শৈলকুপায় একটি যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা ট্রাকের পেছনে ধাক্কা দিয়েছে। এতে বাসের অন্তত ১০ যাত্রী আহত হয়েছেন। বৃহস্পতিবার (৫ মার্চ) সকালে ঝিনাইদহ-কুষ্টিয়া মহাসড়কের গাড়াগঞ্জ এলাকার জেভি ফিলিং স্টেশনের সামনে এ দুর্ঘটনা ঘটে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সকালে কুষ্টিয়া থেকে ছেড়ে আসা খুলনাগামী ‘গড়াই পরিবহন’র একটি বাস গাড়াগঞ্জ এলাকায় পৌঁছালে অন্য একটি ট্রাককে ওভারটেক করার চেষ্টা করে। এ সময় দ্রুতগতির বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা একটি বালি বোঝাই ড্রাম ট্রাকের পেছনে সজোরে ধাক্কা দেয়। এতে বাসের সামনের অংশ দুমড়ে-মুচড়ে যায় এবং ভেতরে থাকা অন্তত ১০ জন যাত্রী আহত হন।
দুর্ঘটনার পর স্থানীয়রা আহতদের উদ্ধার করে ঝিনাইদহ সদর হাসপাতাল ও স্থানীয় বিভিন্ন ক্লিনিকে চিকিৎসার জন্য পাঠান।
ঝিনাইদহ আরাপপুর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মৃত্যুঞ্জয় বিশ্বাস দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, "অতিরিক্ত গতি ও বেপরোয়াভাবে ওভারটেক করার কারণেই এই দুর্ঘটনা ঘটেছে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। আহতদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে।"
মানবকণ্ঠ/ডিআর




Comments