Image description

চট্টগ্রামের হাটহাজারীতে ইসলামী ছাত্রশিবিরের উত্তর থানা শাখার সাবেক সভাপতি সালাউদ্দীন আইয়ূবীকে (৪৫) গ্রেফতার করেছে পুলিশ ও র‍্যাব। গত বৃহস্পতিবার (৫ মার্চ) রাতে উপজেলার গুমানমর্দ্দন ইউনিয়নের সাদেক নগর এলাকায় যৌথ অভিযান চালিয়ে তাকে নিজ বসতঘর থেকে গ্রেফতার করা হয়।

গ্রেফতার সালাউদ্দীন ওই ইউনিয়নের সাদেক নগর গ্রামের মো. জানে আলমের ছেলে। তিনি বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের হাটহাজারী উত্তর থানা শাখার সাবেক সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেছেন।

হাটহাজারী মডেল থানা সূত্রে জানা গেছে, ২০১৩ সালের একটি নাশকতার মামলায় সালাউদ্দীনের বিরুদ্ধে আদালতের গ্রেফতারি পরোয়ানা জারি ছিল। দীর্ঘদিন আত্মগোপনে থাকার পর গোপন সংবাদের ভিত্তিতে র‍্যাব ও পুলিশের একটি যৌথ দল তার বাড়িতে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করতে সক্ষম হয়।

শুক্রবার (৬ মার্চ) দুপুরে বিষয়টি নিশ্চিত করে হাটহাজারী মডেল থানার সেকেন্ড অফিসার উপ-পরিদর্শক (এসআই) মোহাম্মদ নাজমুল হাসান জানান, গ্রেফতারি পরোয়ানাভুক্ত আসামি হওয়ায় তাকে আটক করা হয়েছে।

এ ব্যাপারে হাটহাজারী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাহিদুর রহমান মানবকণ্ঠকে বলেন, "সালাউদ্দীন ২০১৩ সালের একটি মামলার ওয়ারেন্টভুক্ত আসামি। যৌথ অভিযানে তাকে গ্রেফতারের পর আজ (শুক্রবার) সকালে যথাযথ আইনি প্রক্রিয়ায় আদালতে সোপর্দ করা হয়েছে।"

মানবকণ্ঠ/ডিআর