Image description

গাজীপুরের শ্রীপুরে মাদকসেবন রোধ করার চেষ্টা করতে গিয়ে মনোয়ারা বেগম নামে এক নারী গুলিবিদ্ধ হয়েছেন। তাকে উদ্ধার করে শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

শুক্রবার (৬ মার্চ) সন্ধ্যা ৭টার দিকে উপজেলার এমসি বাজার (বেপারীপাড়া) এলাকায় এই ঘটনা ঘটে। অভিযোগ করা হচ্ছে, শেখ ফরিদ নামের একজন ব্যক্তি গুলি চালিয়েছে এবং তিনি বর্তমানে পলাতক রয়েছেন।

গুলিবিদ্ধ মনোয়ারা বেগম ময়মনসিংহ জেলার হালুয়াঘাট উপজেলার বাসিন্দা।

প্রাথমিক তথ্য অনুযায়ী, এমসি বাজার এলাকায় স্থানীয় জয়নাল হাজারী ও তার স্ত্রী মনোয়ারা বেগম দীর্ঘদিন ধরে জমি দেখাশোনা করতেন। জমিটি পতিত থাকায় সেখানে স্থানীয় কয়েকজন যুবক প্রায়ই মাদক সেবন করতেন। সম্প্রতি জয়নাল হাজারী সবজি চাষের উদ্দেশ্যে বেড়া দেওয়ার কাজ শুরু করলে মাদকসেবীরা বাধা দেন। কথাকাটাকাটির একপর্যায়ে শেখ ফরিদ গুলি ছুঁড়লে তা লক্ষভ্রষ্ট হয়ে মনোয়ারার পায়ে লাগে।

শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক আসিফ জানিয়েছেন, গুলিটি পায়ের ভেতরে হাড়ের কাছাকাছি অবস্থান করছে। উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকা বা ময়মনসিংহে স্থানান্তর করার পরামর্শ দেওয়া হয়েছে।

শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ নাছির আহমেদ জানিয়েছেন, অভিযুক্তকে আটক ও ঘটনাটি তদন্তে পুলিশ কাজ করছে।

মানবকণ্ঠ/আরআই