Image description

গাজীপুর মহানগরীর পূবাইলে দীর্ঘদিন ধরে অরক্ষিত অবস্থায় থাকা একটি লেভেল ক্রসিংয়ে কন্টেইনারবাহী ট্রেনের ধাক্কায় দুই মোটরসাইকেল আরোহীর মর্মান্তিক মৃত্যুর ঘটনায় এলাকায় ক্ষোভ ও উদ্বেগের সৃষ্টি হয়েছে।

দুর্ঘটনার একদিন পর অবশেষে ওই লেভেল ক্রসিংয়ের নষ্ট গেট সংস্কার শুরু করেছে রেলওয়ে কর্তৃপক্ষ।

শনিবার সকাল ১১টার দিকে পূবাইল বাজার (ফাটপাড়) এলাকার ওই লেভেল ক্রসিংয়ে রেলওয়ের কর্মকর্তাদের উপস্থিতিতে সংস্কারকাজ করতে দেখা যায়।

স্থানীয়দের অভিযোগ, দীর্ঘদিন ধরে ক্রসিংটির একটি গেট নষ্ট হয়ে খোলা অবস্থায় পড়ে ছিল। অপর গেটটি সচল থাকলেও একপাশ ফাঁকা থাকায় যানবাহন সহজেই রেললাইন পার হয়ে যেত, ফলে প্রতিনিয়ত ঝুঁকি তৈরি হচ্ছিল।

বিষয়টি নিয়ে স্থানীয়রা বারবার সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে অবহিত করলেও কার্যকর কোনো ব্যবস্থা নেওয়া হয়নি বলে অভিযোগ রয়েছে।

এর আগে বৃহস্পতিবার (৫ মার্চ) রাত ৯টার দিকে ওই লেভেল ক্রসিংয়ে চট্টগ্রামগামী একটি কন্টেইনারবাহী ট্রেনের ধাক্কায় মোটরসাইকেল আরোহী দুই ব্যক্তি নিহত হন।

নিহতরা হলেন, মো. সজিব মিয়া (৪০), গাজীপুর মহানগরীর ৪১ নম্বর ওয়ার্ডের পূবাইল মৃধাবাড়ি এলাকার মৃত আশরাফ আলীর ছেলে এবং মো. শেখ হাবিব (বাপ্পি) (৩৫), একই ওয়ার্ডের সাতানি পাড়া এলাকার আবুল কাশেমের ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায়, মোটরসাইকেলটি রেললাইন পার হওয়ার সময় ট্রেনের ধাক্কায় দুজন গুরুতর আহত হন। পরে স্থানীয়রা দ্রুত তাদের উদ্ধার করে করমতলা হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।

ঘটনার সত্যতা নিশ্চিত করে পূবাইল রেলওয়ে স্টেশন মাস্টার মুসা জানান, রাত ৯টার দিকে ট্রেনটি পূবাইল স্টেশন ত্যাগ করে। সে সময় গেট নামানো ছিল। গেটকিপার মোটরসাইকেল আরোহীদের ক্রসিং অতিক্রম করতে নিষেধ করলেও তারা নির্দেশনা অমান্য করে সামনে এগিয়ে যান। এতে দুর্ঘটনাটি ঘটে।

তবে স্থানীয়দের দাবি, ক্রসিংটির একটি গেট দীর্ঘদিন ধরে নষ্ট থাকায় সেটি সব সময় খোলা থাকত এবং অপর পাশেও পর্যাপ্ত নিরাপত্তা না থাকায় ঝুঁকি তৈরি হচ্ছিল। তারা রেলওয়ে কর্তৃপক্ষের অবহেলাকে দুর্ঘটনার অন্যতম কারণ হিসেবে উল্লেখ করেন।

এদিকে দুর্ঘটনার পর এলাকায় শোকের ছায়া নেমে আসে এবং ক্রসিংটির নিরাপত্তা নিশ্চিতের দাবি ওঠে। পরে শনিবার সকালে রেলওয়ে কর্তৃপক্ষ ক্ষতিগ্রস্ত গেট সংস্কারের কাজ শুরু করে।