Image description

নওগাঁয় শহরের সরিষা হাটির মোড় এলাকায় কার্যক্রম নিষিদ্ধ জেলা আওয়ামী লীগ কার্যালয় থেকে শেখ মুজিবুর রহমানের ৭ মার্চের ভাষণ ঘণ্টাব্যাপী প্রচারিত হয়েছে। এছাড়া একই জেলার নজিপুর বাসস্ট্যান্ডে আওয়ামী লীগের ভাঙ্গা পার্টি অফিসে ব্যানার টাঙিয়ে শেখ মুজিবুর রহমানের ভাষণ বাজানো হয়।

আজ শনিবার সকাল সাড়ে ৬টা থেকে সাড়ে ৭টা পর্যন্ত জেলা আওয়ামী লীগ কার্যালয়ের ভবনে রাখা একটি হ্যান্ড মাইক থেকে এই ভাষণ প্রচারিত হয়।

এ নিয়ে জেলা আওয়ামী লীগের সাবেক বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক শফিকুর রহমান মামুনের ভেরিফাইড ফেসবুক পেইজ থেকেও বঙ্গবন্ধুর ভাষণ প্রচারের ভিডিও দেখা যায়। 

তিনি ক্যাপশনে লিখেন, ৫ আগস্ট পরবর্তী আজ নওগাঁ জেলা আওয়ামী লীগের দলীয় কার্যালয়ে প্রথম ধ্বনিত হলো বঙ্গবন্ধুর ৭ই মার্চের ঐতিহাসিক ভাষণ।

এ বিষয়ে নওগাঁ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নিয়ামুল হক জানান, পুলিশ ঘটনাস্থলে যাওয়ার আগেই ওই হ্যান্ড মাইকটি খুলে নিয়ে যায়। এ বিষয়ে তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেওয়া হবে।