Image description

রাজবাড়ীর পাংশা উপজেলায় ফ্যামিলি কার্ড পাইলটিং কার্যক্রমের আওতায় উপকারভোগী পরিবারের মাঝে আনুষ্ঠানিকভাবে কার্ড বিতরণ শুরু হয়েছে। মঙ্গলবার (১০ মার্চ) বেলা ১১টার দিকে উপজেলা চত্বরে আয়োজিত এক অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এ কার্যক্রমের উদ্বোধন করেন অর্থ ও পরিকল্পনা উপদেষ্টা ড. রাশেদ আল মাহমুদ তিতুমীর।

রাজবাড়ী জেলা প্রশাসক সুলতানা আক্তারের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী আলী নেওয়াজ মাহমুদ খৈয়ম এমপি (রাজবাড়ী-১) এবং রাজবাড়ী-২ আসনের সংসদ সদস্য হারুন অর রশিদ হারুন।

প্রধান অতিথির বক্তব্যে ড. রাশেদ আল মাহমুদ তিতুমীর বলেন, “ফ্যামিলি কার্ডের মাধ্যমে দেশের নিম্ন আয়ের ও সুবিধাবঞ্চিত পরিবারগুলোকে একটি সমন্বিত ডাটাবেজের আওতায় আনা হচ্ছে। এর ফলে কোনো মধ্যস্বত্বভোগী ছাড়াই সরকারি সামাজিক সুরক্ষা কর্মসূচির সুবিধা সরাসরি প্রকৃত উপকারভোগীদের কাছে পৌঁছে যাবে। এই কার্ড পেতে কোনো রাজনৈতিক ব্যক্তির সুপারিশ বা তদবিরের প্রয়োজন পড়েনি।”

পূর্ববর্তী সরকারের সমালোচনা করে উপদেষ্টা বলেন, “আওয়ামী লীগ যা করেছে, আমরা তা করব না। আমরা জনগণের সেবক হিসেবে কাজ করব। দেশে কোনো বৈষম্য থাকবে না। মাননীয় প্রধানমন্ত্রী যা বলেছেন, তা করে দেখাচ্ছেন। আমাদের মূল লক্ষ্য— ‘করব কাজ গড়ব দেশ, সবার আগে বাংলাদেশ’।”

উপজেলা প্রশাসন সূত্রে জানা যায়, প্রধানমন্ত্রীর বিশেষ নির্দেশনায় সারাদেশের ১৪টি উপজেলার মধ্যে পাংশাকে এই পাইলটিং কার্যক্রমের জন্য নির্বাচন করা হয়েছে। প্রথম ধাপে উপজেলার হাবাসপুর ইউনিয়নের ১ হাজার ২০১টি পরিবারের মাঝে এই কার্ড বিতরণ করা হয়েছে। গত ২৫ ফেব্রুয়ারি থেকে মাঠ পর্যায়ে তথ্য সংগ্রহ ও যাচাই-বাছাই শেষে এই তালিকা চূড়ান্ত করা হয়।

অনুষ্ঠানে জেলা ও উপজেলা প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তা, বিভিন্ন পর্যায়ের জনপ্রতিনিধি এবং রাজনৈতিক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। ফ্যামিলি কার্ড পেয়ে স্থানীয় দরিদ্র ও নিম্ন আয়ের মানুষ সন্তোষ প্রকাশ করেছেন।

মানবকণ্ঠ/ডিআর