মুরাদনগরের শ্রীকাইল গ্যাসক্ষেত্রের ৫ নম্বর কূপ উদ্বোধন
দেশের জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করতে নিজস্ব গ্যাস উত্তোলন বৃদ্ধিতে আরও এক ধাপ এগিয়ে গেল কুমিল্লা। মুরাদনগর উপজেলার শ্রীকাইল গ্যাসক্ষেত্রের ৫ নম্বর কূপের আনুষ্ঠানিক উদ্বোধন করেছেন বিদ্যুৎ ও জ্বালানি প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত। শনিবার (১৪ মার্চ) সকালে উপজেলার শ্রীকাইল মখলিসপুর এলাকায় এই কূপের উদ্বোধন করা হয়।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, এই কূপ থেকে পরীক্ষামূলকভাবে প্রতিদিন ৮ মিলিয়ন ঘনফুট (এমএমসিএফডি) গ্যাস জাতীয় গ্রিডে সরবরাহ শুরু হয়েছে। এর ফলে শ্রীকাইল গ্যাসক্ষেত্রের পাঁচটি কূপ থেকে বর্তমানে প্রতিদিন মোট ১৭ মিলিয়ন ঘনফুট গ্যাস জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে।
উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত বলেন, "আমদানিনির্ভর জ্বালানি নীতির কারণে বিগত সরকার দেশের জ্বালানি খাতকে চরম ঝুঁকির মধ্যে ফেলেছিল। এর ফলে বৈশ্বিক সংকট দেখা দিলেই দেশে তীব্র জ্বালানি সংকট তৈরি হতো। বর্তমান সরকার নিজস্ব উৎস থেকে গ্যাস উত্তোলনের মাধ্যমে জ্বালানি খাতে স্বয়ংসম্পূর্ণতা অর্জনের লক্ষ্যে কাজ করছে।"
তিনি আরও বলেন, "বিগত সরকার রাষ্ট্রীয় প্রতিষ্ঠান বাপেক্সকে কার্যত পঙ্গু করে রেখেছিল। আমরা বাপেক্সের সক্ষমতা বাড়াতে এবং একে স্বাধীনভাবে কাজ করার সুযোগ দিতে বদ্ধপরিকর। নিজস্ব সম্পদে স্বাবলম্বী হতে পারলে যেকোনো বৈশ্বিক সংকট মোকাবিলা করা আমাদের জন্য সহজ হবে।"
প্রতিমন্ত্রী আরও জানান, আগামী পাঁচ বছরের মধ্যে দেশে গ্যাসের চাহিদা সাড়ে চার হাজার মিলিয়ন ঘনফুটে পৌঁছাবে। সরকার নিজস্ব গ্যাসক্ষেত্র থেকেই এই বিশাল চাহিদা পূরণের সক্ষমতা অর্জনের মহাপরিকল্পনা নিয়ে এগোচ্ছে।
উদ্বোধনী অনুষ্ঠানে বিদ্যুৎ ও জ্বালানি মন্ত্রণালয়ের সচিব সাইফুল ইসলাম, পেট্রোবাংলার চেয়ারম্যান মো. এরফানুল হক, ডিরেক্টর (অপারেশনস) রফিকুল ইসলাম, বাপেক্সের ব্যবস্থাপনা পরিচালক প্রকৌশলী ফজলুল হক এবং প্রকল্প পরিচালক মোজাম্মেল হকসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
মানবকণ্ঠ/ডিআর




Comments