Image description

কক্সবাজার সমুদ্রসৈকতের জনপ্রিয় পয়েন্ট সুগন্ধার বালিয়াড়ি দীর্ঘ ২০ বছর পর অবৈধ দখলমুক্ত করেছে জেলা প্রশাসন। স্বরাষ্ট্রমন্ত্রীর কঠোর নির্দেশনার পর শুরু হওয়া এই উচ্ছেদ অভিযানে সৈকতের প্রাকৃতিক সৌন্দর্য ও পরিবেশ রক্ষায় এক বড় পদক্ষেপ নেওয়া হলো। 

উচ্ছেদ অভিযানের দ্বিতীয় দিন রোববার (১৫ মার্চ) প্রশাসনের আল্টিমেটামের মুখে মাত্র দুই ঘণ্টার অভিযানে সুগন্ধা সৈকত থেকে প্রায় ৫০০’-এর বেশি অবৈধ স্থাপনা সরিয়ে ফেলা হয়েছে। 

গত প্রায় দুই দশক ধরে একটি প্রভাবশালী চক্র সৈকতের বালিয়াড়ি দখল করে ছোট-বড় দোকান ও বাণিজ্যিক কাঠামো গড়ে তুলেছিল। এর ফলে সৈকতের স্বাভাবিক ভারসাম্য ও পর্যটকদের চলাচলে বিঘ্ন ঘটছিল।

উচ্ছেদ শুরু হওয়ার আগে প্রশাসনের পক্ষ থেকে কঠোর বার্তা দেওয়ায় অনেক ব্যবসায়ী নিজ উদ্যোগেই তাদের মালামাল সরিয়ে নেন। 

তবে হঠাৎ কর্মসংস্থান হারানো ক্ষুদ্র ব্যবসায়ীরা দ্রুত পুনর্বাসনের দাবি জানিয়েছেন।  

জেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, সৈকতের বালিয়াড়ি রক্ষায় কোনো প্রকার ছাড় দেওয়া হবে না। উচ্ছেদ করা স্থানগুলোতে যাতে নতুন করে কেউ দখল করতে না পারে, সেজন্য নিয়মিত তদারকি ও পুলিশি টহল জোরদার করা হয়েছে।

সৈকতের প্রাকৃতিক রূপ ফিরিয়ে আনতে এবং পর্যটন সেবার মান উন্নয়নে প্রশাসনের এই উদ্যোগকে স্বাগত জানিয়েছেন পরিবেশবাদী ও পর্যটন সংশ্লিষ্ট ব্যক্তিরা।