Image description

মাদারীপুরে আলমগীর হত্যা মামলায় জেলা ছাত্রদলের সদস্য সচিব কামরুল হাসানকে আসামি করার প্রতিবাদে বিক্ষোভ মিছিল করেছে জেলা ছাত্রদল। একই সঙ্গে মাদারীপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কালাম আজাদের প্রত্যাহারের দাবিও জানিয়েছেন সংগঠনটির নেতাকর্মীরা। 

সোমবার দুপুরে জেলা ছাত্রদলের উদ্যোগে শহরের ডিসি ব্রিজ এলাকা থেকে বিক্ষোভ মিছিলটি বের হয়। মিছিলটি শহরের গুরুত্বপূর্ণ সড়কগুলো প্রদক্ষিণ শেষে মাদারীপুর সদর থানার সামনে গিয়ে শেষ হয়। পরে সেখানে সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়।

সমাবেশে বক্তারা অভিযোগ করেন, দীর্ঘদিন ধরে রাজপথের আন্দোলন-সংগ্রামে সক্রিয় ভূমিকা রেখে আসা নেতা কামরুল হাসানকে যথাযথ তদন্ত ছাড়াই হিরো হত্যা মামলায় জড়ানো হয়েছে, যা তারা পরিকল্পিত ও উদ্দেশ্যপ্রণোদিত বলে দাবি করেন। 

বক্তারা দ্রুত সময়ের মধ্যে কামরুল হাসানের নাম মামলা থেকে প্রত্যাহার এবং সদর থানার ওসি আবুল কালাম আজাদকে অবিলম্বে বদলির দাবি জানান। অন্যথায় জেলা ছাত্রদল ধারাবাহিক কর্মসূচি ঘোষণা করবে বলেও হুঁশিয়ারি দেন তারা।

বিক্ষোভ মিছিল ও সমাবেশে বক্তব্য দেন, জেলা ছাত্রদলের আহ্বায়ক মেহেদী হাসান জাকির, যুগ্ম আহ্বায়ক মাহমুদুল হাসান, নুরে-আলম নয়ন, ফয়সাল আহমেদ মোল্লা এবং আহ্বায়ক কমিটির সদস্য ফয়সাল শিকদারসহ সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ।

এ বিষয়ে মাদারীপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা পড়ছি আবুল কালাম আজাদ বলেন, তাকে আসামি আমি করি নাই যে খুন হয়েছে তার পক্ষের লোকজন আসামি করেছে। তবে প্রত্যাহারের ব্যাপারে তিনি কোন মন্তব্য করেননি।